খাসখবর চট্টগ্রাম ডেস্ক : হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক নারীসহ অবরুদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে রাঙ্গুনিয়ার তার সমর্থকদের তাৎক্ষণিক বের করা মিছিল থেকে হামলায় গুরুতর আহত আওয়ামী লীগ নেতা মো. মুহিবুল্লাহ মারা গেছেন।
মঙ্গলবার মধ্যরাত সাড়ে ১২টার সময় নগরির বেসরকারি হাসপাতাল পার্কভিউ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মো. মুহিবুল্লাহ রাঙ্গুনিয়ার কোদালা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এমরুল করিম রাশেদ।
এদিকে তার মৃত্যুর সংবাদ পাওয়ার পরপরই রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনায় আরো তিনজনকে আটক করার তথ্য নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মিল্কি।
তিনি বলেন, হেফাজতের মিছিল থেকে হামলায় মহিবুল্লাহ হত্যায় জড়িত থাকার অভিযোগে আরো তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এরআগে হামলার পর একজনকে গ্রেফতার করা হয়েছিল।
নতুন যে তিনজন গ্রেফতার হয়েছে তারা হলেন—ফোরকান, ইয়াহিয়া ও হোসেন। হত্যাকান্ডে জড়িত অন্যান্যদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি মাহবুব মিল্কি।
এর আগে গত শনিবার রাতে হেফাজত নেতা মামুনুল হক নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রিসোর্টে নারীসহ অবরুদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়লে রাঙ্গুনিয়ার কোদালায় বিক্ষোভ মিছিল করেন তার সমর্থকরা।
পরে মিছিলে যোগদানকারীরা লাঠিসোটা নিয়ে বেধড়ক মারধর করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. মুহিব্বুল্লাহ সহ নেতাকর্মীদের।
এসময় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত আ.লীগ নেতা মুহিবুল্লাহকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। গত সন্ধ্যা থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। মঙ্গলবার মধ্যরাতে তিনি মারা যান।
রাঙ্গুনিয়া থানা পুলিশ জানায়, মারধর, ভাঙচুর ও বিস্ফোরক আইনে থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫০ জনসহ মোট ২১৪ জনকে আসামি করা হয়েছে।
এছাড়া মারধরের ঘটনার মামলাটি হত্যা মামলায় রূপান্তর হবে জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে তৎপর আছেন বলে জানায় তারা।
খখ/প্রিন্স


