সিএমপির ৩১তম পুলিশ কমিশনার হলেন কৃষ্ণপদ রায়

thai foods

মোহন মিন্টু, খাসখবর ডেস্কঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন উপ-পুলিশ মহাপরিদর্শক কৃষ্ণপদ রায় বিপিএম(বার) পিপিএম(বার)। তিনি হলেন সিএমপির ৩১ তম পুলিশ কমিশনার।

thai foods

১৮ জুলাই (সোমবার) সকালে সিএমপির নবনিযুক্ত পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেন উপ-পুলিশ মহাপরিদর্শক কৃষ্ণপদ রায়।

পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন উপ-পুলিশ মহাপরিদর্শক জনাব কৃষ্ণপদ রায় বিপিএম (বার) পিপিএম (বার)।

এসময় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ নবনিযুক্ত সিএমপি কমিশনারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। পরবর্তীতে সিএমপি সদর দপ্তরে পুলিশের একটি চৌকশ দল সশস্ত্র সালাম প্রদান করেন।

পরবর্তীতে নবনিযুক্ত সিএমপি কমিশনার মহোদয় দামপাড়াস্থ পুলিশ লাইন্সের জনক চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার(ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার(সদর) (অতিঃ ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ আমির জাফর, বিপিএম সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, গত ৩০ জুন (বৃহস্পতিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনজয় কুমার দাশ স্বাক্ষরিত এক আদেশে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি)
‘পুলিশ কমিশনার’ হিসেবে পদায়ন করা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়কে (বিপিএম (বার), পিপিএম (বার)।

সিএমপির বিদায়ী পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক হিসেবে বদলী করা হয়েছে।

২০২০ সালের ৩১ আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছিলেন সালেহ মোহাম্মদ তানভীর।

সিএমপির নবনিযুক্ত পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হালিতলা গ্রামের গোপাল চন্দ্র রায় এবং রমা রানী রায়ের প্রথম সন্তান।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ঢাকায় ইংরেজি দৈনিক ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার পদে বেশ কিছুদিন দায়িত্ব পালন করেন।

১৯৯৫ সালে ১৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে তিনি নিয়োগ পান। তার কর্মজীবন শুরু হয় বগুড়ায়।

বগুড়ায় কিছু সময় দায়িত্ব পালনের পরই তিনি বদলি হয়ে চলে আসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার হয়ে। এখানেই কাটে তার দীর্ঘ কর্মজীবন।

সিএমপিতে তিনি সহকারী কমিশনার (কোতোয়ালী, পাঁচলাইশ ও ডবলমুরিং জোনে) হিসেবে দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

এরপর পদোন্নতি পেয়ে শেরপুর জেলা এবং চাঁদপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন কৃষ্ণপদ রায়।

আবারও পদোন্নতি পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের ডেপুটি কমিশনার, ঢাকায় ডিবি পুলিশের ডেপুটি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

কৃষ্ণপদ রায় পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) হিসেবে দায়িত্ব পালনকালে পদোন্নতি পেয়ে ডিআইজি পদমর্যাদায় অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম ও অপারেশন পদে দায়িত্ব পালন করেন।

সবশেষ তিনি গত বছরের ৭ নভেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পূর্ণ দায়িত্ব পান।

পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে চৌকস এই কর্মকর্তা ২০০২ থেকে ২০০৩ সালে কসবো, ২০০৬ থেকে ২০০৭ সালে লাইবেরিয়া এবং ২০১২ থেকে ২০১৩ সাল পর্যন্ত সুদানে জাতিসংঘের শান্তি মিশনে শান্তিরক্ষা কমিশনে দায়িত্ব পালন করেন।

২০১২ সালে কৃষ্ণপদ রায় প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম এবং ২০১৫ সালে বাংলাদেশ পুলিশ পদক বিপিএম পদক দেওয়া হয়।

কর্মজীবনের শুরুতে যে সিএমপিতে তিনি এসেছিলেন সহকারী কমিশনার হিসেবে, সেই সিএমপিতেই এবার তিনি আসছেন পুলিশ কমিশনার হয়ে।

খখ/মো মি

আগেকক্সবাজারে শাশুড়িকে হত্যা পর মরদেহ ৬ টুকরো করে মাটিচাপা দেয় পুত্রবধূ রাশেদা
পরেকরোনায় ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ১০৭২