
খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্কঃ সংঘবদ্ধ সিএনজি অটোরিকশা ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাইকৃত ৩টি সিএনজি উদ্ধার করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মহানগরী থেকে সিএনজি অটোরিকশা ছিনতাই করে নিয়ে লোহাগাড়ায় একটি পুকুরে ডুবিয়ে রেখেছিল একটি সংঘবদ্ধ চক্র। সুযোগমতো পুকুর থেকে তুলে সেটি বিক্রির পরিকল্পনা ছিল তাদের। গোপন তথ্যের ভিত্তিতে সিএমপির কোতোয়ালী থানা পুলিশ পুকুরে তল্লাশি করে সেটি উদ্ধার করেছে। একইসঙ্গে আরও দু’টিসহ মোট তিনটি ছিনতাই করা অটোরিকশা উদ্ধার করে পুলিশ। এতে গ্রেফতার করা হয়েছে ছিনতাইচক্রের দুই দুর্ধর্ষ সদস্যকে।
বুধবার (৩ আগস্ট) ভোর পর্যন্ত টানা দুইদিন চট্টগ্রাম মহানগরী ও লোহাগাড়া উপজেলায় অভিযান চালিয়ে কোতোয়ালী থানা পুলিশ অটোরিকশাসহ দু’জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত দু’জন হলো- মো. রায়হান (২৯) ও রবিউল হোসেন রমিজ (২৫)। তাদের বাড়ি লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজভিলা গ্রামে।
জানা গেছে, গত ১ আগষ্ট (সোমবার) গভীর রাত তিনটার দিকে নগরীর ফিরিঙ্গিবাজার মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় সন্দেহজনক একটি অটোরিকশা আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক রায়হান অটোরিকশাটি ছিনতাই করেছে বলে স্বীকার করে। সেটি নিয়ে লোহাগাড়ার চরম্বা এলাকায় যাচ্ছিল বলে তথ্য দেয়।
এরপর পুলিশ রায়হানকে নিয়ে লোহাগাড়ায় অভিযান চালিয়ে মঙ্গলবার সন্ধ্যায় একই চক্রের সদস্য রবিউলকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল জানায়, তার হেফাজতে দু’টি ছিনতাই করা অটোরিকশা আছে। এর মধ্যে একটি চরম্বা ইউনিয়নের তেলেবিলা গ্রামে পাহাড়ের পাদদেশে একটি পুকুর থেকে উদ্ধার করা হয়। রবিউলের তথ্যমতে আরেকটি অটোরিকশা বুধবার ভোরে চরম্বা ইউনিয়নের টংকাবতী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
টংকাবতী এলাকা থেকে উদ্ধার সিএনজি অটোরিকশাটির মালিক নগরীর কোতোয়ালী থানা এলাকার বাসিন্দা আব্দুল মান্নানের।
গত ২১ জুন রাতে অটোরিকশা ভাড়া করে রবিউল ও রায়হান কোতোয়ালী থেকে মইজ্জ্যারটেক এলাকায় যায়। যাত্রাপথে চালকের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে চেতনানাশক খাইয়ে তাকে অজ্ঞান করে সেখানে ফেলে অটোরিকশা ও কাগজপত্র নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আব্দুল মান্নান বাদি হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।
জানা গেছে, রবিউল-রায়হানদের চক্রে লোহাগাড়া ভিত্তিক ১০-১২ জন সদস্য আছে। তারা বিভিন্ন এলাকায় রেকি করে ছিনতাইয়ের জন্য অটোরিকশা টার্গেট করে। নির্জন এলাকায় অটোরিকশা দাঁড় করিয়ে চালক কোথাও গেলে সুযোগমতো তারা সেটি নিয়ে পালিয়ে যায়। অথবা তারা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে একই স্থানে যাবার জন্য একাধিক অটোরিকশা ভাড়া নেয়। যাত্রাপথে চালককে নেশাদ্রব্য খাইয়ে কিংবা চোখে স্প্রে প্রয়োগ করে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়।’
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির বলেন, সিএনজি অটোরিকশা ছিনতাইচক্রের দুই দুর্ধর্ষ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের সদস্যরা প্রথমে টার্গেট ঠিক করে। তারপর যাত্রীবেশে সিএনজি অটোরিকশা উঠে, ড্রাইভারের সাথে ভাব জমিয়ে চেতনানাশক দ্রব্য ব্যবহার করে অজ্ঞান করার পর
সুবিধামতো জায়গায় নিয়ে গিয়ে ছিনতাই করে।
অভিযানে নেতৃত্ব দেয়া কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল হাসান জানান, এই চক্রের সদস্যদের মধ্যে চারজনকে মাসখানেক আগে গ্রেফতার করা হয়। এ নিয়ে মোট ছয়জন গ্রেফতার হয়েছে। বাকিদের গ্রেফতারের প্রক্রিয়া শুরু হয়েছে। সর্বশেষ গ্রেফতার দু’জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
খখ/মো মি


