খাসখবর জাতীয় ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বক্তব্যকে তার ব্যক্তিগত উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ বা সরকার ভারতকে এ ধরনের অনুরোধ করেনি।’
তিনি বলেন, সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ভারতকে কোনও অনুরোধ করা হয়নি।
শুক্রবার (১৯ আগস্ট) রাজধানীর পলাশী মোড়ে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘পঁচাত্তরের পর ২১ বছর ধরে ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক রেখে আমাদের নিজেদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। যে সংশয় ও অবিশ্বাসের সম্পর্ক ছিল, শেখ হাসিনা-নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর সেই সংশয়-অবিশ্বাসের দেয়াল ভেঙে দিয়েছেন। এখন সেই সংশয়ের দেয়াল নেই।’
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের মন্তব্যের প্রেক্ষাপটে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘ভারত আমাদের দুঃসময়ের বন্ধু। একাত্তরের রক্তের বন্ধনে আমরা আবদ্ধ। কিন্তু তাই বলে আমরা ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে অনুরোধ করবো—এ ধরনের কোনও অনুরোধ আওয়ামী লীগ করে না, করেনি এবং শেখ হাসিনার সরকারের পক্ষ থেকেও কাউকে এ ধরনের দায়িত্ব দেওয়া হয়নি। আমাদের সমর্থন, ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। বাইরের কেউ আমাদের ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না। জনগণের সমর্থনে আওয়ামী লীগ টিকে আছে ইনশাআল্লাহ ভবিষ্যতে টিকে থাকবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আমি বলতে চাই, শেখ হাসিনা সরকারের একজন মন্ত্রী… যিনি এ কথা বলেছেন, এটি তার ব্যক্তিগত অভিমত হতে পারে। এটা আমাদের সরকারের বক্তব্য নয়, দলের বক্তব্য নয়। সবাইকে এটা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই।’
পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘এতে করে ভারতও লজ্জা পায়, কীভাবে আপনি এ কথা বলেন। বন্ধু আছি, সম্পর্কটা ভালো আছে; অহেতুক কথা বলে এটা নষ্ট করবেন না।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর সরকার, এই সরকার সংখ্যালঘুবান্ধব, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া। ইদানীং যারা মন্দিরে হামলা করে তারা দলের নয়, দুর্বৃত্ত। তারা সবার শত্রু। এদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে।’
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নিজেদের মাইনরিটি ভাববেন না। সমান অধিকার আছে আপনাদের। সাম্প্রদায়িক রাজনীতির পৃষ্ঠপোষক বিএনপি। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তাদের মুখে মায়াকান্না মানায় না। আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো।’
তিনি বলেন, ‘প্রতিবেশী দেশের সঙ্গে চমৎকার সম্পর্ক বিরাজমান। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বসে বহু দিনের সমস্যার সমাধান করা হয়েছে। বাংলাদেশ ও ভারতের ছিটমহল বিনিময় হয়েছে। কয়েকটি সমস্যার অগ্রগতি আসবে। সেপ্টেম্বরে আরও কিছু বিষয়ে সমাধান হবে।’
খখ/মো মি


