খাসখবর রাজনীতি ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন আন্দোলন করতে করতে মির্জা ফখরুল সাহেব গলা শুকিয়ে ফেলছেন। কিন্তু মরা নদীতে তো জোয়ার আসে না।
শনিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ছাত্রলীগ আয়োজিত এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের, কর্মীদের আন্দোলন দিয়ে সরকার হটানোর ইতিহাস নেই। এখনো আপনাদের সঙ্গে দলের নেতাকর্মীর বাইরে জনগণ যোগ দেয়নি। কোন মুখে বলেন ফয়সালা হবে? ফয়সালা হবে আগামী জাতীয় নির্বাচনে ফাইনাল খেলায়। তখন দেখা যাবে কে হারে, কে জেতে।
বিএনপি মহাসচিবের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাজপথে হুমকি দিয়ে লাশ ফেলতে চান? আপনারা লাশ ফেলার দুষ্টচক্রে ঢুকে গেছেন। লাশ ফেলে জনগণ থেকে বিচ্ছিন্ন কোনো আন্দোলনে ফয়সালা বিরোধী দল করতে পারেনি। সরকার হটাবেন? জনগণ সাড়া দিক, কই তা তো দেখি না। এখনো কোথাও জনগণ সাড়া দেওয়ার কেউ নেই। জনগণ কারও সঙ্গে মারামারি করে না। আপনাদের আন্দোলন মানেই হচ্ছে নিজেরা নিজেরা মারামারি। আপনাদের বিক্ষোভ মানেই হচ্ছে পুলিশের দোষ, পুলিশের ওপর হামলা। পুলিশের ওপর হামলা পুলিশ আত্মরক্ষা করবে না?
কাদের বলেন, রাজপথে এখন আপনারা কোন চক্রে আছেন, আমরা জানি। টেমস নদীর ওপার থেকে দণ্ডিত অর্থপাচারকারী, অপরাধী যুবরাজ হাঁক-ডাক দিচ্ছে। সেই ডাকে টেমস নদীতে ঢেউ উঠেছে কি না, জানি না। তবে পদ্মা, মেঘনা, যমুনায় ঢেউ নেই। বিএনপির শুকিয়ে যাওয়া নদীতে জোয়ার আর আসে না। চিৎকার যত পারেন করুন, ফয়সালা হবে নির্বাচনে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন মানেই নিজেরা নিজেরা মারামারি, চেয়ার ছোঁড়াছুঁড়ি।
নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে বিএনপি কর্মী নিহত হওয়ার বিষয়ে ইঙ্গিত করে আ. লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির বিক্ষোভ মানেই হচ্ছে পুলিশের ওপর হামলা। পুলিশ কি নিজেরা আত্মরক্ষা করবে না?
বিএনপির হাতে রক্তের দাগ উল্লেখ করে তিনি আরও বলেন, আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে বিএনপি। আহসানউল্লাহ মাস্টার, কিবরিয়া, আইভী রহমানকে হত্যা করেছে। চট্টগ্রাম থেকে জিয়ার লাশ ঢাকায় আনা হয়েছে কিন্তু সেই লাশ কেউ দেখেনি। মির্জা ফখরুল সাহেব লাশের একটা ছবি দেখাতে পারবেন? পারবেন না।
সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুল হাকিম সম্রাটের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সরকার রেফাত সঞ্জয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক আল-আমিন রহমান।
খখ/মো মি


