খাসখবর জাতীয় ডেস্কঃ মেয়াদ শেষ হওয়ার আগেই সাবেক তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেনকে চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার। এর একদিন যেতে না যেতেই পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে ‘জনস্বার্থে’ অবসরে পাঠানো হলো।
মঙ্গলবার (১৮ অক্টোবর) এ সংক্রান্ত তিনটি আলাদা প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। শোনা যাচ্ছে, এ তালিকায় আছে আরও অনেক কর্মকর্তার নাম। আর এ নিয়ে প্রশাসনের কেন্দ্রবিন্দুতে একরকম তোলপাড় শুরু হয়েছে।
এবার পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার। তাদের মধ্যে দুজন বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম ব্যাচের কর্মকর্তা এবং একজন ১৫তম ব্যাচের কর্মকর্তা।
মঙ্গলবার (১৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানোর কথা জানানো হয়।
অবসরে পাঠানো তিন পুলিশ কর্মকর্তা হলেন মুহাম্মদ শহীদুল্ল্যাহ চৌধুরী, দেলোয়ার হোসেন মিঞা ও মির্জা আবদুল্লাহেল বাকী।
মুহাম্মদ শহীদুল্ল্যাহ চৌধুরী পুলিশ সদরদপ্তরের পুলিশ সুপার (টিআর) এবং মো. দেলোয়ার হোসেন মিঞা ও মীর্জা আবদুল্লাহেল বাকী পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
ভালো কাজের স্বীকৃতি হিসেবে সিআইডির দুই কর্মকর্তা মুহাম্মদ শহীদুল্ল্যাহ চৌধুরী ও মির্জা আবদুল্লাহেল বাকী পিপিএম পদক পেয়েছিলেন।
সূত্র জানায়, এসব কর্মকর্তাদের বিরুদ্ধে কাজ না করে ফেসবুকে ভুয়া তথ্য আদান–প্রদানের অভিযোগ রয়েছে।
এব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গণমাধ্যমকে বলেন, ‘তাঁরা কোনো কাজ করেন না। হাজিরা দিয়ে চলে যান। তাঁদের পেছনে ৮–১০ জন কনস্টেবল থাকেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাঁরা ফেসবুকে ভুয়া সংবাদ আদান–প্রদান করেন। পুলিশ সদর দপ্তর আমাদের কাছে তাঁদের অবসরে পাঠানোর প্রস্তাব পাঠালে আমরা তা বাস্তবায়ন করেছি।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি বিধিমালা ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।
সরকারি চাকরি আইনের ৪৫ নম্বর ধারায় আছে, কোনো সরকারি কর্মচারির চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার পর যেকোনো সময় সরকার জনস্বার্থে প্রয়োজনীয় মনে করলে কোনো কারণ না দর্শিয়ে তাকে চাকরি থেকে অবসর প্রদান করতে পারবে। তবে শর্ত থাকে যে, যেক্ষেত্রে রাষ্ট্রপতি নিয়োগকারী কর্তৃপক্ষ; সেক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদন গ্রহণ করতে হবে।
এর আগে, গত রোববার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেনকে। প্রশাসন ক্যাডারের ১০ম ব্যাচের এই কর্মকর্তার চাকরির মেয়াদ স্বাভাবিকভাবে শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালের ২৩ অক্টোবর।
শোনা যাচ্ছে, এ তালিকায় আছে আরও অনেক কর্মকর্তার নাম। সরকারি এ সিদ্ধান্ত নিয়ে কয়েকদিন ধরে চলছে নানা আলোচনা। কয়েকটি সূত্র বলছে, সরকারবিরোধী কাজে কোন কোন কর্মকর্তা জড়িত সে বিষয়ে খোঁজ নিতে গোয়েন্দা সংস্থার সহযোগিতা চাওয়া হয়েছে।
উল্লেখ্য, সরকারি কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো কিংবা যাওয়ার ঘটনা নতুন নয়। বিএনপি সরকারের সময়েও এমন ঘটনার নজির রয়েছে। আবার বর্তমান আওয়ামী লীগ সরকারের শুরুর দিকে ২০০৯ সালে জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারকে হেয় করে কবিতা লেখার অভিযোগে তৎকালীন তথ্য সচিব আ ত ম ফজলুল করিমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। এরপর ২০১৪ সালে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার কারণে পাঁচ সচিবকে একসঙ্গে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল সরকার।
খখ/মো মি


