খাসখবর জাতীয় ডেস্কঃ ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী। অর্ধলক্ষাধিক ভোটের ব্যবধানে তিনি নির্বাচিত হন।
তিনি সদ্য প্রয়াত সাবেক সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে।
আসনটিতে মোট ১২৩টি কেন্দ্রের ফলাফলে তিনি ৫৩ হাজার ৯৩৪ ভোট বেশি পেয়ে জয়লাভ করেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে শাহদাব আকবর চৌধুরী লাবু পেয়েছেন মোট ৬৮ হাজার ৮১২ ভোট।
তাঁর নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত বটগাছ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া পেয়েছেন ১৪ হাজার ৮৭৮ ভোট।
শনিবার (০৫ নভেম্বর) রাত ৮টার দিকে ফরিদপুর জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ নির্বাচনে মোট ভোটারের ২৬.২৭ শতাংশ ভোট পড়েছে।
ফরিদপুর-২ আসনটি সালথা, নগরকান্দা উপজেলা ও সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত। আসনটিতে শনিবার (৫ নভেম্বর) সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। এতে ৩ লাখ ১৮ হাজার ৫৮৫ জন ভোটারের মধ্যে ৮৩ হাজার ৬৯০ ভোট কাস্টিং হয় বলে ফরিদপুর নির্বাচন অফিস সূত্রে জানা যায়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন গণমাধ্যমকে বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু স্বাভাবিকভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ফরিদপুর-২ আসনের রিটার্নিং অফিসার মো. হুমায়ূন কবির বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসারের পাশাপাশি তিনজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ ১৩ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন।
খখ/মো মি


