খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেছেন, জনগণের সহযোগিতা ছাড়া পুলিশের একার পক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপরি নিয়ন্ত্রণ করা অনেকটা দুরুহ ব্যাপার। আর এই সহযোগিতার জন্যেই পুলিশ ও জনগণের মাঝে সুসম্পর্ক গড়ে তোলা জরুরি।
তিনি বলেন, পুলিশ ও জনগণের মাঝে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে অপরাধ নির্মূল করা আরো সহজ হবে।
গত ৭ ফেব্রুয়ারি (বুধবার) দি এশিয়া ফাউন্ডেশন পিস প্রকল্পের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নানা প্রকার অপরাধ নির্মূলের লক্ষে পুলিশ ও জনগণের মাঝে সু সম্পর্ক তৈরি করতে দি এশিয়া ফাউন্ডেশন পিস প্রকল্প এই মতবিনিময় সভার আয়োজন করে।
চন্দনাইশের গাছবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন চন্দনাইশ পৌরসভা গাছবাড়ীয়া ৯নং ওয়ার্ড কাউন্সিলর এম লোকমান হাকিম।
এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘পিস’ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নাসির উদ্দিন, প্রজেক্ট অফিসার মোশাররফ হোসেন, চন্দনাইশ থানার সেকেন্ড অফিসার মো. খালেকুজ্জামান, চন্দনাইশ এনজিও ফোরামের সভাপতি নুরুল হক চৌধুরী।
এতে বক্তব্য রাখেন সমাজ সেবক আইনুল হুদা চৌধুরী, মোক্তার মিয়া, সেকান্দর হোসেন, মো হাসান, কামরুল সিকদার, রনধীর শীল।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের উপজেলা সমন্বয়কারী আল আমিন হাসান।




