খাসখবর রাজনীতি ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনকে ভয় পায়। পরাজয় নিশ্চিত জেনে তারা পথ হারিয়ে পদযাত্রায় নেমেছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে তার নির্বাচনী এলাকার নোয়াখালীর বসুরহাটের বঙ্গবন্ধু চত্বরে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিএনপিকে উদ্দেশে করে ওবায়দুল কাদের বলেন, তারা নির্বাচনকে ভয় পায়। পরাজয় নিশ্চিত জেনে তারা পথ হারিয়ে পদযাত্রায় নেমেছে। আন্দোলনে বিএনপি ব্যর্থ। নেতা-কর্মী ছাড়া সাধারণ জনগণ তাদের সঙ্গে নেই। সাধারণ জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।
তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাধারণ জনগণ রয়েছে। জনগণ যাদের সঙ্গে থাকবে তারাই সফল হবে। আগামী নির্বাচনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা জয়লাভ করবো। ইনশাল্লাহ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে অনেক কিছু দিয়েছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমি যখন অসুস্থ ছিলাম, তখন এক মাস আমার কোনো হুশ ছিল না। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে মৃত্যু থেকে ফিরে এসেছি। টানা ১৪ বছর ধরে মন্ত্রী, টানা তিনবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আপনাদের দোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে অনেক কিছু দিয়েছেন।
এরপর ওবায়দুল কাদের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়, কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা কর্তৃক বাস্তবায়িত ২৩টি উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করেন। এছাড়া নিজের বাবা-মায়ের নামে প্রতিষ্ঠিত মোশাররফ-ফজিলাতুন্নিছা ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের হাতে বৃত্তি তুলে দেন।
এর আগে, সকালে নিজ বাড়িতে এসে বাবা মায়ের কবর যিয়ারত করেন ওবায়দুল কাদের। এসময় জেলা ও পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমাম, জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম খাইরুল আনম চৌধুরী সেলিম, বসুরহাট পৌরসভা মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা।
খখ/মো মি


