খাসখবর জাতীয় ডেস্ক: জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে চলতি বছর ৯ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে।
১০ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার-২০২৩ দেয়ার জন্য মনোনীত করেছে সরকার। বৃহস্পতিবার (০৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৩’ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
যারা পাচ্ছেন এবারের স্বাধীনতা পুরস্কার-
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ : বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) সামসুল আলম, মরহুম লে. এ জি মোহাম্মদ খুরশীদ, শহিদ খাজা নিজামউদ্দিন ভুঁইয়া, মোফাজ্জল হোসেন চৌধুরি (মায়া), বীর বিক্রম।
সাহিত্য : মরহুম ড. মুহাম্মদ মঈনুদ্দিন আহমেদ (সেলিম আল দীন)।
সংস্কৃতি : পবিত্র মোহন দে।
ক্রীড়া : এ এস এম রকিবুল হাসান।
সমাজসেবা/জনসেবা : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
গবেষণা ও প্রশিক্ষণ : বেগম নাদিরা জাহান (সুরমা জাহিদ) এবং ড. ফিরদৌসী কাদরী।
২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দেওয়া হচ্ছে। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে ৫ লাখ টাকা, আঠারো ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।
খখ/মো মি


