খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশ থানাধীন বরমা ইউনিয়নে শ্রী শ্রী জ্বালা কুমারী-রাম ঠাকুর ও শ্রী শ্রী সত্যনারায়ণ বিগ্রহ মন্দিরের প্রতিমার কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার ও জাহাঙ্গীর আলম নামে এক চোরকে গ্রেফতার করা হয়েছে।
এবিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, মন্দিরের বিগ্রহ থেকে স্বর্ণালংকার
চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় ১৯ মার্চ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি ও দেখানো মতে স্বর্ণালংকার গুলো উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১১ মার্চ দিবাগত রাত আনুমানিক ১২ টা থেকে সকাল ৬ টার মধ্যে শ্রী শ্রী জ্বালা কুমারী ও রাম ঠাকুর মন্দিরের প্রতিমার বিগ্রহে থাকা ৩টি স্বর্ণের চোখ ও ১টি টিকলী চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য-৪০ হাজার টাকা।
একই রকম পৃথক ঘটনা ঘটে গত ১০ মার্চ সকাল অনুমান ৬ টা থেকে ৭ টার মধ্যে চন্দনাইশ থানাধীন বৈলতলী ইউনিয়নস্থ শ্রী শ্রী সত্যনারায়ণ বিগ্রহ মন্দিরে। শ্রী শ্রী সত্যনারায়ণ বিগ্রহ মন্দির থেকে ২টি স্বর্ণ পদক, (যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা) চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ ও ব্যাপক তথ্য উপাত্ত পর্যালোচনা করে ১৯ মার্চ বৈলতলী ইউনিয়ন এলাকা থেকে জাহাঙ্গীর আলম (৫১), (পিতা- মৃত আব্দুল মোতালেব, গ্রাম- বৈলতলী (জাফরাবাদ আবুল হোসেন চেয়ারম্যান বাড়ী), ৫নং ওয়ার্ড), থানা- চন্দনাইশ, জেলা -চট্টগ্রাম) কে গ্রেফতার করা হয়।
ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে জাহাঙ্গীর মন্দিরের বিগ্রহের কাছ থেকে স্বর্ণালংকার চুরির কথা স্বীকার করেন এবং সাতকানিয়া থানাধীন সরোয়ার বাজারের জনৈক স্বর্ণের বনিকের কাছে বিক্রির কথা জানান। পরে আসামী জাহাঙ্গীর আলমের দেখানো মতে চুরি যাওয়া স্বর্ণালংকার গুলো উদ্ধার ও জব্দ করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণালংকার গুলোর মূল্য ৬০ হাজার টাকা।
খখ/মো মি


