খাসখবর প্রতিবেদক, বিভাগীয় ডেস্ক: নোয়াখালীর সুধারাম থানা পুলিশ ডাকাতির প্রস্তুতি কালে অভিযান চালিয়ে অস্ত্রসহ আন্ত: জেলার ৩ ডাকাতকে গ্রেফতার করেছে।
গত ২১ মার্চ রাতে ডাকাতির প্রস্তুতি কালে রাতে সোনাপুর হতে চৌমুহনী গামী প্রধান সড়কের পশ্চিম পার্শ্বে খালি জায়গা থেকে একটি দেশীয় তৈরী পাইপগান ও দা সহ দুলাল প্রকাশ কোরবান আলী দুলাল, বাকের হোসেন অনু (২৪) কে ও রামগতি থানার আজাদনগর ব্রীজ হতে মোঃ দিদার (২৫) কে গ্রেফতার করা হয়।
এবিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, বিশ্বস্ত সূত্রের সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতি কালে আন্ত: জেলা ডাকাতদলের ৩ সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী দুলাল ও দিদারের বিরুদ্ধে লক্ষীপুর, নোয়াখালী, ভোলায় একাধিক ডাকাতি, অস্ত্র ও অপহরণ মামলা রয়েছে।
গ্রেফতার হওয়া ডাকাত দলের সদস্যরা হলো, সুধারাম থানাধীন ৪নং কাদিরহানিফ ইউনিয়নের দরবেশপুর গ্রামের মো: মোস্তফা প্রকাশ আব্দুল মালেকের পুত্র দুলাল প্রকাশ কোরবান আলী দুলাল (৪৬)। সুধারাম থানাধীন লক্ষীনারায়নপুরের মো: ইব্রাহিমের পুত্র বাকের হোসেন অনু (২৪) ও লক্ষীপুর জেলার রামগতি থানার মধ্যম চরের
মো: আব্দুল কালামের পুত্র মো: দিদার (২৫)।
পুলিশ জানায়, গত ২১ মার্চ রাতে ডাকাতি প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সুধারাম থানাধীন পৌরসভাস্থ সোনাপুর রেলওয়ে স্টেশনের মূল গেইটের বিপরীত পার্শ্বে সোনাপুর হতে চৌমুহনী গামী প্রধান সড়কের পশ্চিম পার্শ্বে খালি জায়গায় একদল ডাকাত থানা এলাকায় ডাকাতি করার জন্য জড়ো হয়েছে। সংবাদ পেয়ে এস আই সুধন চন্দ্র দাস সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ওই স্থানে অভিযান চালিয়ে আসামী দুলাল প্রকাশ কোরবান আলী দুলাল (৪৬) ও বাকের হোসেন অনু (২৪) কে একটি দেশীয় তৈরী পাইপগান ও দা সহ আটক করেন। ওই সময় ৮-৯ জন ডাকাত ঘটনাস্থল হতে দৌঁড়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা পলাতক একজন আসামীর ঠিকানা লক্ষ্মীপুর জেলাধীন রামগতি থানা এলাকায় বলে জানায়। আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং প্রযুক্তির সহায়তায় ‘অভিযান টিম’ লক্ষ্মীপুর জেলার রামগতি থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে ২১ মার্চ সোয়া ১২ টার সময় লক্ষ্মীপুর জেলাধীন রামগতি থানার আজাদনগর ব্রীজ হতে মোঃ দিদার (২৫) কে আটক করেন। গ্রেফতার আসামীদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় ডাকাতি প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি মামলা রুজু করা হয়।
গ্রেফতারকৃত আসামী দুলাল ও দিদারের বিরুদ্ধে লক্ষীপুর, নোয়াখালী, ভোলায় একাধিক ডাকাতি, অস্ত্র ও অপহরণ মামলা রয়েছে।
খখ/মো মি


