জ্বলছে রাজধানীর বঙ্গবাজার, পাঁচ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: রাজধানীর বঙ্গবাজারের চারটি মার্কেটেই আগুন জ্বলছে। ভোর ৬টার দিকে আগুন লাগে বঙ্গবাজারে। সকাল ১১টা পর্যন্ত পাঁচ ঘণ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিটের পাশাপাশি কাজ করছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সাহায্যকারী দল। যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি টিম। পুলিশ আশপাশের রাস্তায় যান চলাচল ও উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণে কাজ করছে।

thai foods

রাজধানীর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণ করতে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দল ও বাংলাদেশ বিমানবাহিনীর সাহায্যকারী দল ও একটি হেলিকপ্টার কাজ করছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বঙ্গবাজারের চারটি মার্কেটেই আগুন জ্বলছে। বঙ্গবাজার মার্কেট, ইসলামিয়া মার্কেট, বঙ্গ ১০ কোটি মার্কেট, আদর্শ মার্কেট- এই চারটি মার্কেট এক জায়গায় হওয়ায় মূলত সবগুলোকেই লোকজন বঙ্গবাজার মার্কেট হিসেবে ডেকে থাকেন। এই চারটি মার্কেটে প্রায় তিন হাজার দোকান রয়েছে বলে ব্যবসায়ীরা জানান। নানা রকম কাপড় থাকায় আগুনের তীব্রতা বাড়ছে।

বঙ্গবাজার মার্কেট ছাড়াও রাস্তার উল্টো পাশে একটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়েছে।

বঙ্গবাজারে আগুনের তীব্রতার কারণে সড়কে রাখা ফায়ার সার্ভিসের গাড়িগুলো দূরে সরিয়ে ফেলতে হয়েছে। দূরে থাকা গাড়িগুলো থেকে পাইপ সংযোগ দিয়ে পানি নিক্ষেপ করতে দেখা যায় ফায়ার সার্ভিস কর্মীদের।

ধোঁয়ায় আশপাশের এলাকা অন্ধকার হয়ে গেছে। দূর থেকে কিছু দেখা যাচ্ছে না। ফায়ার সার্ভিস কর্মীরাও দূর থেকে পানি দিচ্ছেন। আগুন যেন আশপাশের বহুতল ভবনগুলোতে ছড়াতে না পারে সে ব্যাপারেও সতর্ক রয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা।

এদিকে আগুন নেভাতে পানির সংকট তৈরি হয়েছে। বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের পুকুর থেকে সাতটি পাইপ লাগিয়ে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস। হলের নিরাপত্তা প্রহরী মো. সুমন বলেন, আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ারের লোকজন আমাদের কাছে আসে পানির জন্য। পরে আমরা হলের গেট খুলে দেই। তারা তখন থেকে সাতটি পাইপ লাগিয়ে পুকুর থেকে পানি নিচ্ছে।

এছাড়া মাইকে স্থানীয়দের ফায়ার সার্ভিসের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে সাহায্য করার কথা কিছুক্ষণ পর পর মাইকে বলা হচ্ছে।

ব্যবসায়ীরা জানায়, সকালবেলা অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর পরই দ্রুত ছুটে আসেন তারা। তবে আগুনের তীব্রতার কারণে কেউ মার্কেটের ভেতর ঢুকতে পারেনি। সামনে দাঁড়িয়ে থেকে নিজেদের সম্পদ ছাই হয়ে যেতে দেখেছেন তারা।

অগ্নিকাণ্ডস্থলে বঙ্গবাজারের ব্যবসায়ীদের আর্তনাদ দেখা গেছে। ঈদের আগে বড় ধরনের লোকসানের সম্মুখীন হয়েছেন তাঁরা। অনেকেই কাঁদছেন। ছোটাছুটি করছেন। অগ্নিকাণ্ডে বঙ্গবাজারের বেশির ভাগ দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস কর্মীরা বলছে, আশপাশের বৈদ্যুতিক লাইনগুলো বন্ধ রাখা হয়েছে। আগুন যেন ছড়াতে না পারে সেজন্য ফায়ার সার্ভিসের লেডার গাড়ি নিয়ে আসা হয়েছে। এটি দিয়ে উপর থেকে পানি নিক্ষেপ করা সম্ভব হবে। এই লেডার দিয়ে পানি নিক্ষেপ করা হচ্ছে। আর ধোয়ার কারণে কিছুটা কাজ করতে সমস্যা হচ্ছে।

আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান গণমাধ্যমকে বলেন, ভয়াবহ এই অগ্নিকাণ্ড শুরুর পরপরই সেনাবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দল সেখানে কাজ করছে। এর পাশাপাশি সেখানে বিমানবাহিনীর একটি সাহায্যকারী দল ও একটি হেলিকপ্টার কাজ করছে।

খখ/মো মি

আগেচট্টগ্রাম নগরীর হালিশহর ও খুলশীতে নিখোঁজ দুই কন্যাশিশু উদ্ধার
পরেসাড়ে ৬ ঘণ্টা পর রাজধানীর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে