“বিএনপির অতীত ইতিহাস নাশকতার ইতিহাস”-ওবায়দুল কাদের

thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বর্তমানে দেশে আগুন নিয়ে যে ‘নাশকতা’ হচ্ছে তার সঙ্গে বিএনপি জড়িত। তিনি বলেন, দেশে আগুন-সন্ত্রাস তারাই সৃষ্টি করেছে। বিএনপির অতীত ইতিহাস নাশকতার ইতিহাস।

thai foods

শনিবার (৮ এপ্রিল) বিকালে রাজধানীর মিরপুরে সিদ্ধান্ত স্কুল মাঠে দারুসসালাম থানা আওয়ামী লীগের খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এসব খাদ্য ও ঈদ উপহার বিতরণ করা হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা এদেশে আগুনসন্ত্রাস করে চিহ্নিত সন্ত্রাসী হিসেবে সবার কাছে পরিচিত সেই বিএনপি এখন আগুনের কথা বলে। আমাদের কাছে মনে হয়, ‘ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাইনি’!

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রমজানের দিনে ৩৬৫টি কর্মসূচি দিয়ে বিভিন্ন রাস্তা বন্ধ ও অবরোধ করে মানুষকে কষ্ট দেওয়া বিএনপির রাজনীতি গণবিরোধী রাজনীতি। বিএনপির পদযাত্রা এখন নিরবযাত্রা। মানুষ বলে মরণযাত্রা। এখন বিএনপির আন্দোলন মাটিতে নেমে গেছে, তার নাম অবস্থান কর্মসূচি। এ আন্দোলন পাবলিক খায় না, এ আন্দোলনে জনগণ নেই।

সরকারের পদত্যাগের দাবি ও সংলাপে বসার বিষয়ে তিনি বলেন, সরকার পদত্যাগ করলে সংলাপ করবে কে? মির্জা ফখরুল সাহেবের কাছে এ প্রশ্নের উত্তর জানতে চাই। এ উদ্ভট, আবোলতাবোল কথা বলছে বিএনপি। আন্দোলনে ব্যর্থ বিএনপির মরা গাঙে আর জোয়ার আসে না। ভাটার টান এসে গেছে।

বিরোধী জোট নিয়ে প্রশ্ন তুলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ৫২ দল শুনেছি, এখন পাঁচ হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও বিএনপির শরিকদের খুঁজে পাওয়া যাবে না। কোথায় ২৭ দফা? রাষ্ট্র নাকি মেরামত করবে? এই রাষ্ট্র মেরামত করেছেন শেখ হাসিনা। রাষ্ট্র যারা ধ্বংস করে তারা মেরামত করতে পারে না।

তিনি বলেন, কত নালিশ, কূটনীতিকদের পাড়ায় পাড়ায় বিএনপি নেতাদের পদচারণা। জাতিসংঘের কাছে এমনকি নালিশ দেবে! জাতিসংঘের এটা কাজ নয় কোনও দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা। এর আগে মির্জা ফখরুল জাতিসংঘের দুয়ারে ঘুরেছে। জাতিসংঘ মহাসচিবকে পায়নি, কর্মকর্তাদের সঙ্গে কথা বলে খালি হাতে ফিরেছে। যাদের কাছে নালিশ করবে তাদের হাতে সালিশ করার ক্ষমতা নেই। লজ্জা শরম থাকলে আন্দোলনের কথা মুখে বলবেন না।

ওবায়দুল কাদের বলেন, নিরপেক্ষ নির্বাচন করার জন্য আইন করে স্বাধীন নির্বাচন কমিশন গঠন করেছে শেখ হাসিনার সরকার। নির্বাচন কমিশনের ওপর সরকারের কোনও হস্তক্ষেপ থাকবে না।

তিনি আরও বলেন, নৈরাজ্য, বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে নির্বাচনকে ভণ্ডুল করা তাদের মতলব। নির্বাচনে না এলে জোর করে আনতে পারব না। কিন্তু নির্বাচনে বাধা দিতে আসলে প্রতিরোধ করা হবে। নির্বাচন পর্যন্ত রাস্তা ছাড়ব না, অপরাজনীতির হোতা বিএনপিকে প্রতিহত করব।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি প্রমুখ। পরে সুবিধাভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেন ওবায়দুল কাদের।

খখ/মো মি

আগে‘শত পরিবারে লক্ষ টাকায় ঈদের হাসি উপহার’
পরে“২০২৩ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ শতাংশের নিচে নামবে”-ক্রিস্টালিনা জর্জিয়েভা