খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর চকবাজারে আব্দুল্লাহ আল মামুন নামে এক শিক্ষানবীশ আইনজীবীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা পুলিশ আটক করেছে।
পুলিশ জানায়, তার স্ত্রীর দাবি ওই আইনজীবী আত্মহত্যা করেছেন। তবে মৃতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় মৃত আইনজীবীর স্ত্রীকে আসামি করে তার ভাই বাদী হয়ে একটি হত্যা মামলার অভিযোগ দায়ের করেছেন।
বুধবার (১৯ এপ্রিল) রাতে ওই শিক্ষানবীশ আইনজীবীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত আব্দুল্লাহ আল মামুন (২৫) কক্সবাজারের চকরিয়া উপজেলায় ওসমান চৌধুরী পাড়ার জামাল উদ্দীনের ছেলে। তিনি বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পরে চট্টগ্রাম আদালতে শিক্ষানবীশ আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন।
পারিবারিকভাবে মামুনের বিয়ে হয়েছে।
মামুন নগরীর চকবাজার থানার মিয়ার বাপের মসজিদ এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
সিএমপির চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের বলেন, ‘হাসপাতাল থেকে তথ্য পেয়ে থানার টিম রাতে গিয়ে লাশ হেফাজতে নেয়। যুবকের স্বজনরা এসময় দাবি করেন, স্ত্রী তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। আমরা স্ত্রীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করি। তিনি জানান বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে তার স্বামী আত্মহত্যা করেছেন।’ সুরতহাল প্রতিবেদনে মাথায় এবং অণ্ডকোষে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ওসি বলেন, ‘আমরা আত্মহত্যা কিংবা হত্যা কোনোটাই এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্ত হলে বিষয়টি স্পষ্ট হবে।’
ওসি মনজুর কাদের মজুমদার আরও জানান,
মৃত মামুনের স্ত্রীকে আসামি করে তার ভাই বাদী হয়ে একটি হত্যা মামলার অভিযোগ দিয়েছেন। হত্যা মামলা রুজু হলে তার স্ত্রীকে গ্রেফতার দেখানো হবে।
খখ/মো মি


