খাসখবর বিনোদন ডেস্ক: ২০১৫ সালে চলচ্চিত্রে অভিষেক হয় জনপ্রিয় অভিনেত্রী পরীমণির। এরপর থেকে অভিনেত্রী হিসেবে পেয়েছেন নানা সম্মাননা-পুরস্কার। এবার তার প্রাপ্তির ঝুড়িতে যুক্ত হলো তেমনি আরও একটি সন্মানজনক পুরস্কার।
ভারতের পশ্চিম বঙ্গের আনন্দবাজার অনলাইনের বছরের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন পরীমণি।
কলকাতায় গিয়ে নিজ হাতে পুরস্কার নিয়েছেন তিনি। নায়িকার হাতে সেরা অভিনেত্রীর পুরস্কার তুলে দেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ও জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
সোমবার (২৪ এপ্রিল) নিজের ফেসবুক আইডিতে পরীমণি লিখেছেন, ‘এটা সত্যিই আমার জন্য একটি সম্মান এবং মর্যাদাপূর্ণ অর্জন। আমার শুভাকাঙ্ক্ষী, দর্শক এবং অনুসারী যারা রয়েছেন আপনাদের ভালোবাসার জন্যে আজ আমি এখানে দাঁড়িয়ে।’
পরীমণি আরও লেখেন, ’আপনাদের এই ভালোবাসার প্রতি আমি কৃতজ্ঞ। আনন্দবাজার অনলাইনকে ধন্যবাদ। আপনাদের আতিথেয়তা মনে থাকবে আমার। প্রিয় কলকাতা আমি তোমাকে ভালোবাসি।
প্রতিবছর দুই বাংলার মানুষের মধ্য থেকে ‘বছরের বেস্ট’ নির্বাচিত করে পুরস্কার দেয় গণমাধ্যম প্রতিষ্ঠান আনন্দবাজার। এবার তারা পুরস্কার দিয়েছে পরীমণিকে।
খখ/মো মি


