খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ ৩ হাজার পিস ইয়াবাসহ মনজুর আলম নামের এক ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় ইয়াবা পাচার কাজে ব্যবহৃত ১টি সাদা রংয়ের টয়োটা হাইব্রিড এক্স নোহা গাড়ি জব্দ করা হয়।
এবিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ‘টিম চন্দনাইশ’ ৩ হাজার পিস ইয়াবাসহ এক ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, আজ ৯ জুন সকাল সাড়ে ১০ টার সময় চন্দনাইশ পৌরসভাস্থ উত্তর গাছবাড়িয়া ১নং ওয়ার্ডের সড়ক ও জনপথ অফিসের সামনে রাস্তার উপর হতে আসামী মনজুর আলম (৪৫), (পিতা-আলতাজ মিয়া, মাতা-মৃত বানু বেগম, সাং-নয়া পাড়া, মধ্যম নয়া পাড়া, পিএম খালী, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার) কে ১টি সাদা রংয়ের টয়োটা হাইব্রিড এক্স নোহা গাড়ি (যার রেজি: নং-ঢাকা মেট্রো-চ-২০-১৫১৭) এবং তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
উদ্ধার হওয়া ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের ওজন ৩০০ গ্রাম, যার মূল্য ৯ লাখ টাকা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আসামিকে আদালতে প্রেরণ করা হয়।
খখ/মো মি


