খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে নিষেধাজ্ঞার মধ্যে মাছ শিকারের
অভিযোগে ৮ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় ৩০ হাজার মিটার জাল ও দুটি বোট জব্দ করা হয়।
সরকার ঘোষিত ৬৫ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে মাছ ধরছেন জেলেরা। চট্টগ্রামের কিছু অসাধু জেলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বঙ্গোপসাগরের বিভিন্ন অংশে রাত হলেই মাছ শিকারে নামেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগের ভিত্তিতে গতকাল রোববার দুপুরে বঙ্গোপসাগরে উঠানমাঝি ঘাটে নৌ পুলিশের অভিযানে ৩০ হাজার মিটার জাল জব্দ এবং আট জেলেকে আটক করে নৌ পুলিশ। এ সময় মাছ শিকারে ব্যবহৃত দুটি বোট জব্দ করা হয়।
বার আউলিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কায়সার মাতুব্বরের নেতৃত্বে অভিযানে মো. ফারুক, মো. ইউনুছ, মো. জিসান, রমেম, মো. লিয়াকত আলী, মো. নুরুল ইসলাম, মো. সাহাবউদ্দিন ও মো. সরওয়ার নামের ৮ জেলেকে গ্রেফতার করা হয়েছে।
আট জেলে আটক ও মাছ শিকারের সরঞ্জাম জব্দের তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ। তিনি বলেন, দুটি মাছ ধরার বোট, ৩০ হাজার মিটার জালসহ আটক জেলেদের বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা করা হয়েছে। অসাধু জেলেদের বিরুদ্ধে নৌ পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
আনোয়ারার জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা রাশিদুল হক গণমাধ্যমকে বলেন, জেলেরা যাতে নিষেধাজ্ঞার মধ্যে মাছ শিকার করতে না পারেন, সে জন্য অভিযান চলমান রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের সুযোগ নেই।
খখ/মো মি


