খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের আগ্রাবাদ চৌমুহনী এলাকায় জামায়াত-শিবিরের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের মামলায় ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।
শনিবার (২৯ জুলাই) রাতে ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ৫০০ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। এর মধ্যে ৪২ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকিরা অজ্ঞাত। ঘটনাস্থল থেকে আটক ২১ জনের মধ্যে সম্পৃক্ততা না পাওয়ায় ৫ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৬ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’
পুলিশ জানায়, ‘গতকালের ঘটনায় ওখানে যারাই ছিলো, যাদের বিভিন্ন টিভিতে মিছিলে ও পুলিশের ওপর হামলা করতে দেখা গেছে তাদের আসামি করা হয়েছে। মামলার আসামি সবাই জামায়াত-শিবিরের নেতা কর্মী। এর মধ্যে নগর জামায়াতের সাধারণ সম্পাদকের নামও আছে।’
শুক্রবার (২৮ জুলাই) নগরীর আগ্রাবাদ বাদামতল জামে মসজিদ থেকে জুমার নামাজ পড়ে জামায়াতে ইসলামীর শ’খানেক নেতা-কর্মী ঝটিকা মিছিল বের করে। মিছিলটি চৌমুহনী মোড়ে যাওয়ার পরপর পুলিশ তাদের বাধা দেয়।
এ সময় জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়তে শুরু করে এবং পুলিশের গাড়ি ভাংচুর করে। এসময় গাড়ির ভেতর থেকে পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার মুকুর চাকমা বের হলে তাকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে তিনিসহ দুই পুলিশ সদস্য আহত হন। ওইদিন ঘটনাস্থল থেকে পুলিশ ২১ জনকে আটক করে।
উল্লেখ্য, কেন্দ্রঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল শুক্রবার নগরীর আন্দরকিল্লা মোড়ে বিক্ষোভ মিছিল-সমাবেশ করার ঘোষণা দিয়েছিল জামায়াতে ইসলামী। তবে পুলিশ মিছিলের অনুমতি দেয়নি।
খখ/মো মি


