খাসখবর নির্বাচন ডেস্ক: জাতীয় নির্বাচন নিয়ে অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে আজ বুধবার সন্ধ্যায়। বিকেলে কমিশন সভার পর সন্ধ্যাতেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব জাহাংগীর আলম।
বুধবার (১৫ নভেম্বর) সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব এসব কথা জানান।
ইসি সচিব জাহাংগীর আলম বলেন, ‘বিকাল ৫টায় ২৬তম কমিশন সভা অনুষ্ঠিত হবে। কমিশন সভায় চূড়ান্ত করে সন্ধ্যা ৭টায় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হবিবুল আউয়াল। সিইসির ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।’
আজ বুধবার (১৫ নভেম্বর) দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন (ইসি)। তফসিল ঘোষণার লক্ষ্যে বিকাল ৫ টায় বর্তমান কমিশনের ২৬তম সভা অনুষ্ঠিত হবে। এবারই প্রথম সরাসরি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি।
সন্ধ্যা ৭টায় ভাষণ দিবেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। গত মঙ্গলবার কমিশনের অনানুষ্ঠানিক বৈঠকে তফসিলের ঘোষনার সিদ্ধান্ত নেওয়া হয়। ইসি সচিব মো: জাহাংগীর আলম আজ সকাল ১০টায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। ভোটের তারিখ সম্ভাব্য হিসাবে রাখা হয়েছে ৬ অথবা ৭ জানুয়ারি।
তফসিল ঘোষণাকে কেন্দ্র করেন রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচন ভবনের আশপাশে আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। কয়েকটি রাস্তায় যান চলাচল সীমিত রাখা হয়েছে।
খখ/মো মি


