খাসখবর চট্টগ্রাম ডেস্ক: নাশকতার মামলায় চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১১ জনকে গ্রেপ্তার করেছে।
বুধবার (২২ নভেম্বর) দিবাগত রাতে চকবাজার থানার ফুলতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা জামায়াত-শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মী বলে পুলিশ জানিয়েছেন। তারা হলো, মো. ওমর (৬৫), সাইফুল ইসলাম (২৩), মো. আম্মার (২৩), মো. আব্দুল মজিদ (১৯), মাহমুদুল হাসান আল বাকি (২১), আল আমিন (১৯), আরাফাত চৌধুরী শিবলু (২২), মিজানুর রহমান (২৫), মো. তানভীর (১৯), আমিনুর রেজা শওকত (২০) ও ইয়াসিন পারভেজ (২৩)।
সিএমপির কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার অতনু চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, গত ১২ অক্টোবর অনুমতি ছাড়া সরকার বিরোধী বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিয়ে হাতে লাঠিসোটা, ইট পাটকেল নিয়ে নগরের নিউ মার্কেট এলাকায় ৫০০ থেকে ৬০০ জামায়াত-শিবিরের নেতাকর্মী বিক্ষোভ মিছিল করে। এ সময় যানবাহন চলাচলে বাঁধা প্রদানসহ যানবাহন ভাংচুর, জনমনে ভীতি সঞ্চারের উদ্দেশ্যে নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড পরিচালনা করে। ওই সময় ৪ জনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের মামলা দায়ের করে আদালতে সোপর্দ করে পুলিশ।
এ ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে প্রকাশিত ১১ আসামিকে বুধবার রাত পৌনে আটটার দিকে চকবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম ওবায়েদুল হক গণমাধ্যমকে বলেন, মিছিলের দিন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে গ্রেপ্তার ১১ জনকে চিহ্নিত করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে চকবাজারের ফুলতলা এলাকা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
খখ/মো মি


