খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ্ থানা পুলিশ ৪০ হাজার ইয়াবাসহ দুই ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, বৈধ কোনো পেশায় জড়িত না থাকা এ দুই যুবক কক্সবাজার থেকে দেশের বিভিন্নস্থানে ইয়াবা পাচার করে।
শুক্রবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর আকবর শাহ্ থানার সিটি গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের চেকপোস্টে এ দুই ইয়াবা কারবারির কাছ থেকে এসব ইয়াবা উদ্ধার হয়।
গ্রেফতারকৃত দুই ইয়াবা কারবারি হলো- কক্সবাজারের টেকনাফের মোহাম্মদ ফয়সাল উদ্দীন (২৫) এবং চকরিয়ার শহীদুল ইসলাম শহীদ (২১)।
আকবর শাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর গণমাধ্যমকে জানান, পুলিশের চেকপোস্টের অদূরে নুরানী মসজিদের সামনে দু’জন অপেক্ষা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে উপস্থিত হলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিয়ে তাদের ধরে চেকপোস্টের সামনে আনে। এ সময় দু’জনের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি করে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ওসি ওয়ালী উদ্দিন আকবর বলেন, ‘জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার এদুজন জানায়, ইয়াবা কারবারের সাথে তারা দীর্ঘদিন যাবত জড়িত। টেকনাফ থেকে ইয়াবা কিনে চট্টগ্রাম শহরে আনে এবং এখানে পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করে। শুধু চট্টগ্রাম নয়, তারা ঢাকাসহ দেশের আরও বিভিন্নস্থানে আগে ইয়াবা সরবরাহ করেছে বলে আমাদের কাছে তথ্য আছে। ইয়াবার উৎস এবং এর সঙ্গে জড়িতদের তথ্য জানতে তাদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।’
রিমান্ড আবেদন শুনানির জন্য অপেক্ষমাণ রেখে শনিবার বিকেলে আদালত এ দুই ইয়াবা কারবারিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
খখ/মো মি


