সংসদে বিরোধীদলীয় নেতা জিএম কাদের!

thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক: গোলাম মোহাম্মদ কাদেরকে (জিএম কাদের) জাপার সংসদীয় দলের নেতা নির্বাচন করেছে জাতীয় পার্টি। এছাড়া দলটির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে সংসদীয় দলের উপনেতা ও মহাসচিব মজিবুল চুন্নুকে বিরোধীদলীয় চিফ হুইপ মনোনয়ন দেওয়া হয়েছে।

thai foods

সংসদীয় দলের নেতা ও উপনেতাকে বিরোধী দলীয় নেতা ও উপনেতা হিসেবে স্বীকৃতি পেতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আনুষ্ঠানিক চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার দফতরে অনুষ্ঠিত জাতীয় পার্টির সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত হয়।

পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের সংসদ সদস্য হাফিজউদ্দিন আহম্মেদকে বিরোধীদলীয় হুইপ মনোনয়ন দেওয়া হয়েছে।

জাতীয় পার্টির সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

সূত্র জানায়, বৈঠকে দশম ও একাদশ সংসদের মতো ঢালাওভাবে সরকারের ভূমিকার প্রশংসা না করে কার্যকর বিরোধী দলের ভূমিকা পালনের সিদ্ধান্ত হয়েছে।

উল্লেখ্য, জাতীয় পার্টি সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় থাকতে চাইলেও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার স্পিকারের। তিনি সম্মতি দিলেই কেবল জাতীয় পার্টি প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবে। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রভাবে নির্বাচিত ৬২ জন সংসদ সদস্যের একটি অংশ জোটবদ্ধ হয়ে প্রধান বিরোধী দল হতে চাচ্ছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দল জাতীয় পার্টি মাত্র ১১টি আসনে জয়লাভ করে। ৬২ আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করে। নতুন সংসদে বিরোধী দলের আসনে কে বসবে তা নিয়ে সৃষ্ট ধোঁয়াশার মধ্যে বৃহস্পতিবার জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকে গুরুত্বপূর্ণ তিনটি পদ নেতা, উপনেতা ও চিফ হুইপ নির্বাচন করা হয়েছে। যদিও স্বীকৃতির বিষয়টি স্পিকারের ওপর নির্ভর করছে।

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু গণমাধ্যমকে জানিয়েছেন, জাতীয় পার্টি বিরোধী দলের আসনে বসছে, এটা নিশ্চিত। কার্যপ্রণালি বিধি অনুযায়ী অন্য কারও সংসদে বিরোধী দল হওয়ার সুযোগ নেই।

খখ/মো মি

আগেটানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে ইইউ’র অভিনন্দন
পরে“আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ না করেই রিপোর্ট দিয়েছে টিআইবি”- তথ্য প্রতিমন্ত্রী