খাসখবর প্রতিবেদক, বৃহত্তর চট্টগ্রাম ডেস্ক: কক্সবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মহেশখালী থানার ওসি কায়ছার হামিদ।
গত ডিসেম্বর -২০২৪ মাসের সার্বিক অপরাধ পর্যালোচনায় অত্যাধুনিক বিদেশি জি-৩ রাইফেল সহ ৪ টি অস্ত্র উদ্ধার, রেকর্ড সংখ্যক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার, মাদক উদ্ধার, মামলা তদন্ত, আইন শৃংখলা নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য বিশেষ অবদান রাখায় অভিন্ন মানদন্ডের আলোকে কক্সবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয় মহেশখালী থানার ওসি কায়ছার হামিদকে।
একইসাথে জেলার শ্রেষ্ঠ এস আই ও শ্রেষ্ঠ এএসআই এর পুরস্কারও জিতে নেয় মহেশখালী থানা।
গত ৪ জানুয়ারি মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কক্সবাজার জেলার পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর পদক ও সনদ তুলে দেন মহেশখালী থানার ওসি কায়ছার হামিদের হাতে।
কক্সবাজার জেলার শ্রেষ্ঠ এসআই ও শ্রেষ্ঠ এ এসআই’র পুরস্কার অর্জনকারী মহেশখালী থানা
এসআই মহসীন চৌধুরী পিপিএম ও এএসআই শিবল দেব এর হাতে পুরস্কার তুলে দেন এসপি।
কক্সবাজার জেলার পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এসময় উপস্থিত ছিলেন জেলার ঊর্ধতন কর্মকর্তা ও সকল থানার ওসি গণ।
এবিষয়ে মহেশখালী থানার ওসি কায়ছার হামিদ
খাসখবর ডট নিউজকে বলেন, কাজের স্বীকৃতি সবসময় আনন্দের। প্রত্যেক অর্জনই কাজের প্রেরণা জোগায়। অপরাধ রোধ করা পুলিশের কাজ। সমাজে শান্তি-শৃঙ্খলা ফেরাতে, জনগণের দোরগোড়ায় পুলিশের সেবা পৌঁছে দিতে আমরা সবসময় সচেতন। সাধারণ জনগণ যাতে শান্তিতে থাকতে পারে,
অপরাধীরা যাতে কোনো অপরাধ করতে না পারে, সেজন্য আমি কাজ করে যাচ্ছি। আগামীতেও আমার এ কাজ অব্যাহত থাকবে। শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার এই অর্জনের পেছনে মাননীয় এসপি মহোদয়ের মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা এবং ‘টিম মহেশখালী’ এর অক্লান্ত পরিশ্রম জড়িত।
পাশাপাশি আমার প্রিয় সহকর্মী ও প্রিয় মহেশখালীবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, কক্সবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হওয়া মহেশখালী থানার ওসি কায়ছার হামিদের বাড়ি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায়। তিনি দীর্ঘদিন যাবত সিএমপি, কুমিল্লা ও কক্সবাজার জেলায় সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।
খখ/মো মি


