খাসখবর বৃহত্তর চট্টগ্রাম ডেস্ক: কক্সবাজারের পেকুয়া উপজেলায় নিজ জন্মভূমিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৯টায় পেকুয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন তিনি।
নামাজ শেষে স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং উপজেলা মসজিদ মাঠ পরিদর্শন করে মাঠ সংস্কারের জন্য সংশ্লিষ্টদের দ্রুত নির্দেশ দেন।
পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘সমগ্র দেশের সকল মানুষকে জানাই আন্তরিক ঈদ মোবারক। এই পবিত্র দিনে আমরা দেশের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও উন্নয়নের জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করি। আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একসঙ্গে কাজ করে আমাদের প্রিয় দেশকে আরও এগিয়ে নিয়ে যাই।’
বিদেশ সফর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতারণা এখন বৈশ্বিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। ডিজিটাল প্রযুক্তির বিস্তারের ফলে এই ধরনের অপরাধ আন্তর্জাতিক নেটওয়ার্কের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে। এ কারণে এককভাবে কোনো দেশের পক্ষে এটি মোকাবিলা করা কঠিন।
তিনি জানান, জাতিসংঘের তত্ত্বাবধানে আয়োজিত ‘গ্লোবাল সামিট অন ফ্রড’-এ বিভিন্ন দেশের মধ্যে সমন্বিত কৌশল প্রণয়ন, চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর এবং প্রতারণামূলক অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে।
রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে তিনি বলেন, এটি সরকারের একটি গুরুত্বপূর্ণ ও চলমান ইস্যু। ‘আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করি। বর্তমান সরকার এই সমস্যার টেকসই ও শান্তিপূর্ণ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ,‘—বলেন তিনি।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী মোবারকিয়া মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুব রহমান মাহাবুব, সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আখতার নিলয়, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
খখ/মো মি


