সিএমপির ৩৪তম কমিশনার হাসান মো. শওকত আলী

Oplus_131072
thai foods

কুমার মণিদীপ্ত, খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নতুন কমিশনার হিসেবে যোগদান করেছেন উপ-পুলিশ মহাপরিদর্শক হাসান মো. শওকত আলী। তিনি সিএমপির ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।

thai foods

আজ বুধবার (১ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এ সময় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

সিএমপির নতুন কমিশনারকে ফুল দিয়ে বরণ করছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা

গত ১৬ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র অতিরিক্ত কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর তিনি বিদায়ী কমিশনার হাসিব আজিজের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন এবং লালদিঘীস্থ সিএমপি সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

সেখানে তিনি নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় হাসান মো. শওকত আলী স্পষ্ট জানিয়ে দেন যে, অপরাধ দমনে কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করা হবে না। বিশেষ করে মাদক, চুরি-ছিনতাই, চাঁদাবাজি এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের জন্য তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কঠোর নির্দেশ প্রদান করেন।

পুলিশের সেবা যেন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায় এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত হয়—এ বিষয়টির ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভায় কর্মকর্তাদের সততা ও ন্যায়নিষ্ঠার সাথে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, নগরবাসীকে নিরাপদ রাখাই পুলিশের প্রধান লক্ষ্য হওয়া উচিত।

এ সময় সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মো. হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) উপ-পুলিশ কমিশনার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। হাসান মো. শওকত আলী ১৯৯৯ সালে ১৮তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া, হাইতি ও মালিতে দায়িত্ব পালন করেছেন।

পার্বত্য জেলা রাঙামাটিতে বেড়ে ওঠা হাসান মো. শওকত আলী সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা জুলফিকার আলী সড়ক ও জনপথ বিভাগে কর্মরত ছিলেন। শিক্ষাজীবনে তিনি রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন, পরে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং চট্টগ্রাম সরকারি মহসিন কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।

খখ/মো মি

আগেছেলের জন্য জোড়া লেগেছিল রাহুল-প্রিয়াঙ্কার ভাঙা সংসার, অথচ রাহুলই চলে গেলেন
পরেইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিচ্ছে আরব আমিরাত