খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী বাবু মার্মা (২৬) ও অস্ত্রধারী সন্ত্রাসী জামাল উদ্দিনকে (১৯) গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে একনলা বন্ধুক উদ্ধার করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ৪১ নম্বর লট এলাহাবাদ এলাকার পুটিছড়ি স্কুল ভিটার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার বাবু মার্মা বান্দরবান জেলার বান্দরবান সদর থানার কোয়ালং ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড চেমি ডলু পাড়া এলাকার অংপই মার্মা ছেলে ও জামাল উদ্দিন চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ৪১ নম্বর লট এলাহাবাদ পুটিছড়ি এলাকার মো. শাহাজাহানের ছেলে।
থানা পুলিশ জানায়, গ্রেফতার আসামিরা পাহাড়ি এলাকা হতে লোকালয়ে এসে অস্ত্রটি বিক্রির জন্য চেষ্টা করছিল মর্মে প্রাথমিক তদন্তে প্রকাশ পায় বলে জানা গেছে। অপরদিকে আটককৃত আসামি বাবু মার্মা ইতোপূবে মাদক মামলায় জামিনে এসে পুনরায় অপরাধে জড়িয়ে পড়েছে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াছ খান-পিপিএম জানান, তাদের কাছ থেকে একটি একনলা বন্ধুক উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) আদালতে সোপর্দ করা হবে।
ওসি আরও জানান, অপরাধ দমনে চন্দনাইশ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।
খখ/মো মি


