খাসখবর চট্টগ্রাম ডেস্ক➤ নতুন করে মিতু হত্যা মামলা দায়েরের পর সাক্ষী হিসেবে ইরাদ নামের এই ব্যক্তি প্রথম জবানবন্দি দিয়েছেন। মিতু হত্যার পাঁচদিন পর মো. কামরুল ইসলাম শিকদার মুছার দেওয়া বিকাশ নম্বরে তিন লাখ পাঠানোর কথা স্বীকার করেছেন মোকলেসুর রহমান ইরাদ
মঙ্গলবার (২৫ মে) দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফি উদ্দিনের আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে ইরাদ এ কথা স্বীকার করেন।
ইরাদ বাবুল আক্তারের পূর্বপরিচিত ঘনিষ্ঠ ব্যক্তি ও ব্যবসায়িক অংশীদার সাইফুল হকের ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার। মিতু হত্যা মামলায় প্রথম সাক্ষী হিসেবে ইরাদ মঙ্গলবার(২৫ মে) আদালতে জবানবন্দি দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রোপলিটন অঞ্চলের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, মিতু হত্যা মামলায় মোকলেসুর রহমান ইরাদ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এ মামলায় ইরাদ প্রথম জবানবন্দি দিয়েছেন।
বহুল আলোচিত মিতু হত্যাকাণ্ডের প্রায় পাঁচ বছর পর গত ১২ মে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় বাবুল আক্তারকে প্রধান আসামি করে আরও একটি হত্যা মামলা দায়ের হয়। মামলা দায়ের করেন মিতুর বাবা মোশাররফ হোসেন। ওই মামলায় বাবুল আক্তারকে পাঁচদিনের রিমান্ডে নিয়েছে পিবিআই।
২০১৬ সালের ৫ জুন ভোরে চট্টগ্রামের জিইসি এলাকায় কুপিয়ে হত্যা করা হয় মাহমুদা খানম মিতুকে। এ ঘটনায় ঢাকায় অবস্থান করা মিতুর স্বামী বাবুল আক্তার বাদী হয়ে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার অভিযোগে নিজের জঙ্গিবিরোধী কার্যক্রমের জন্য স্ত্রীকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তিনি অভিযোগ করেছিলেন। কিন্তু শুরু থেকেই মিতুর বাবা মোশাররফ হোসেনের অভিযোগের তীর ছিলো বাবুল আক্তারের দিকে।
খখ/মো মি


