খাসখবর চট্টগ্রাম ডেস্ক➤ হেফাজতে ইসলামের সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীসহ দু্জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার মামলায় গতকাল মঙ্গলবার(১ জুন)চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিহান সানজিদা শুনানি শেষে এ নির্দেশ দেন।
এদিকে একই আদালত হেফাজতের সাবেক আমির ও বর্তমান আহ্বায়ক জুনায়েদ বাবুনগরীর প্রেস সচিব ইনামুল হাসান ফারুকীকে দুই মামলায় এবং নুরুল ইসলাম নামের হেফাজতের আরেক নেতাকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে।
আদালত সূত্র জানায়, হেফাজতের সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে সহিংসতার দুই মামলায় তিন দিন করে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১১ এপ্রিল গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে আছেন। আফতাব উদ্দিন নামের হেফাজতের আরেক কর্মীর তিন মামলায় তিন দিন করে ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেন একই আদালত। গত বৃহস্পতিবার জেলার ফটিকছড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
নুরুল ইসলাম হেফাজতের চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার শাখার দাওয়াহ বিষয়ক সম্পাদক ছিলেন। গত ২১ মে রাতে র্যাব হাটহাজারীর ফতেয়াবাদ থেকে ইনামুলকে গ্রেপ্তার করে। তিনি বাবুনগরীর পক্ষ থেকে হেফাজতের বিবৃতি ও প্রেস বিজ্ঞপ্তি পাঠাতেন। তিনি হাটহাজারী উপজেলা হেফাজতের প্রচার সম্পাদক ছিলেন।
হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীকে হত্যার অভিযোগে করা মামলার ইনামুল হাসান ফারুকী এজাহারভুক্ত আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে হাটহাজারী থানা ভবন, ভূমি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা আছে।
চট্টগ্রাম জেলা পুলিশের কোর্ট ইন্সপেক্টর মো. হুমায়ন কবির বলেন, আদালত হেফাজত ইসলামের চারজন নেতার রিমান্ড মঞ্জুর করেছে এবং একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরুদ্ধে কর্মসূচিকে কেন্দ্র করে বিক্ষোভের জেরে চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ হয়। এ সময় মাদ্রাসার ছাত্ররা হাটহাজারী থানা ভবন, ভূমি অফিস ও ডাকবাংলোতে ভাঙচুর-অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় হাটহাজারী থানায় সাড়ে ৪ হাজার মানুষকে আসামি করে ১০টি মামলা করে পুলিশ। এতে জুনায়েদ বাবুনগরীসহ ১৪৮ জনের নাম উল্লেখ করা হয়। ১০ মামলায় এ পর্যন্ত ৭৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সাতজন।
খখ/মো মি


