খাসখবর মহামারী ডেস্ক➤ প্রায় প্রতিদিনই করোনা পরিস্থিতি ওঠানামা করছে। কমা বাড়ার মধ্যে রয়েছে শনাক্ত ও মৃত্যুর হার। গতকাল মৃত্যু বাড়লেও আজ কমেছে। আজ মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৮৮ জন।
বুধবার (২ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৯১৪ জন। আর এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৪ হাজার ৩৪ জন। নতুন করে মারা যাওয়া ৩৪ জনকে নিয়ে দেশে ভাইরাসটিতে শনাক্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৬৯৪ জন। দেশে মোট করোনা রোগীর সংখ্যা ৮ লাখ ৪ হাজার ২৯৩ জন।
এর আগে মঙ্গলবার (১ জুন) দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১ জন। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৯ দশমিক ৮১ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৪ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯১৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৪ হাজার ৬৪ জন।
সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫০৯টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩১টি, জিন এক্সপার্ট ৪৪টি, র্যাপিড অ্যান্টিজেন ৩৩৪টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২০ হাজার ৩৯০টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ২৫৯টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৫৯ লাখ ৮৬ হাজার ২২টি।
গত একদিনে ২০ হাজার ৩৯০ জনের নমুন সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ২৫৯ জনের। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৪ জনের মধ্যে ঢাকা বিভাগের ১১ জন। এছাড়া চট্টগ্রামে ৫, রাজশাহীতে ৫, খুলনায় ৫ ও বরিশালে ২ ও সিলেটে ৩ জন মারা গেছেন।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২১ জন পুরুষ এবং ১৩ জন নারী। এর মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৮ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৮ জন, ৪১ থেকে ৫০ বছরের ৫ জন এবং ২১ থেকে ৩০ বছরের ৩ জন মারা গেছেন।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৭৭৫ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫২৬ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন এক লাখ ৩৬ হাজার ৫৩৩ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮০৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৯ হাজার ৭৩০ জন।
খখ/মো মি


