বজ্রপাতে সারাদেশে প্রাণহানি ঘটলো ২১ জনের

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤ আশঙ্কাজনক হারে বেড়েছে সারাদেশে বজ্রপাতের ঘটনা। সারাদেশে বজ্রপাতের শিকার হয়ে মানুষের মৃত্যু দিনে দিনে বেড়েই চলেছে । সারাদেশে বজ্রপাতে ২১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। রবিবার (৬ জুন) সকাল থেকে রাত পর্যন্ত এসব মারা যাওয়ার ঘটনা ঘটে।

thai foods

এদের মধ্যে, চট্টগ্রামে ৪ জন, ফেনীতে ২ জন,নোয়াখালীতে ১, সিরাজগঞ্জে ৫ জন, টাঙ্গাইলে ২ জন এবং রাজবাড়ী ১ জন, নাটোরে ১ জন, মাদারীপুরে ১ জন, মুন্সিগঞ্জে ১ জন, পটুয়াখালীতে ১ জন, মানিকগঞ্জে ১ জন, মেহেরপুরে ১ জন ও বরিশালে একজন করে সারাদেশে মোট ২১ জনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম:
চট্টগ্রামের মিরসরাই, বোয়ালখালী ও ফটিকছড়িতে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। ফটিকছড়িতে মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। সকাল ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে এ বজ্রপাতের ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরা পাহাড়ের গরজংগিয়া এলাকার বাসিন্দা মোস্তফা কামালের ছেলে মো. জাহাঙ্গীর (৩৯)। মিরসরাইয়ের সাহেরখালী ইউনিয়নের ৯ নম্বর পূর্ব ডোমখালী ওয়ার্ড এলাকার বাসিন্দা স্কুলছাত্র সাজ্জাদ হোসেন (১৬)। ফটিকছড়িতে
যোগেন্দ্র শীলের স্ত্রী ভানুমতি শীল (৪০) ও বানেশ্বর দাশের স্ত্রী লাকি রানি দাশ (৩৮)।

ফেনী:
জেলার সোনাগাজীতে বজ্রপাতে দুই শিশু নিহত হয়েছে। বেলা ১১টায় উপজেলার বগাদানা ইউনিয়নের আলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সাজেদা আক্তার (১২) ও আল আমীন (৬)। সাজেদা ওই গ্রামের আনু ফরায়েজি বাড়ির সোলেমান মিয়ার মেয়ে ও আল আমীন একই বাড়ির বাহার উদ্দিনের ছেলে। তারা দুজনই স্থানীয় কাটাখিলা ছমদিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী।
সোনাগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, ‘এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার পথে বজ্রপাতে তারা নিহত হয়।’

নোয়াখালী: 
নোয়াখালী জেলার হাতিয়ায় ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মো. আবদুল মান্নান খোকন (৩৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। দুপুর সাড়ে ৩টায় উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব মাইসচরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খোকন একই গ্রামের মৃত সৈয়দ আহমদ মুন্সীর ছেলে।

সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের শাহজাদপুর, উল্লাপাড়া ও বেলকুচি উপজেলায় রবিবার বিকেল পৌনে ৫টার দিকে পৃথক বজ্রপাতে পাঁচজন মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের চর আঙ্গারু গ্রামের আমানত মোল্লার ছেলে মো. আব্দুল্লাহ ওরফে জুয়েল রানা(২৬), নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামের মৃত জালাল উদ্দিন ভোলার ছেলে আলহাজ আলী বাবুর্চি(৬০)।

উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের আগদিঘল গ্রামের শাহেদ আলীর ছেলে নবম শ্রেণির ছাত্র ফরিদুল ইসলাম (১৬), সলঙ্গা ইউনিয়নের আঙ্গারু গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৫) ও বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের চর সমেশপুর গ্রামের লাইলি বেগম (৪৫)।

এ বিষয়ে সলঙ্গা থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ধরইল বিলে হাঁস পালনের সময় রফিকুল ইসলাম নামে এক রাখাল বজ্রপাতে নিহত হয়। এ বিষয়ে বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা জানান, বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের চর সমেশপুর গ্রামের লাইলি বেগম মাঠে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন।

টাঙ্গাইল: 
টাঙ্গাইলের নাগরপুরে পৃথক দুইটি স্থানে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। রবিবার (৬ জুন) বিকালে উপজেলার ভাদ্রা ও বেকড়া ইউনিয়নে পৃথক দুইটি স্থানে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়। মৃতরা হলেন- উপজেলার ভাদ্রা ইউনিয়নের গাংবিহালী গ্রামের মোঃ বক্তার খানের ছেলে আলমাছ খান (৫৫) এবং বেকড়া ইউনিয়নের বেকড়া মধ্য পাড়া গ্রামের মৃত পলান মিয়ার ছেলে সোনা মিয়া (৫৩)।

স্থানীয় ইউপি সদস্য মুসলেম উদ্দিন জানায়, আলমাছ খান বিকালে গাংবিহালী চক থেকে ধানের খড় শুকাচ্ছিলেন। এসময় আকাশে বিদ্যুৎ চমকানো শুরু হলে সে বাড়ি ফিরে আসতে থাকে। বাড়ি ফেরার পথে বজ্রপাতে তার মৃত্যু হয়। অপর দিকে বেকড়া মধ্যপাড়ার সোনা মিয়া বিকালে তার নিজ বাড়ির উঠানে বজ্রপাতে মৃত্যুবরন করেন। নাগরপুর থানার ওসি (তদন্ত) বাহালুল খান বাহার দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাজবাড়ী:
রাজবাড়ীর পাংশায় বজ্রঘাতে আশরাফ সরদার (২৬)নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার বিকালে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর-আফড়া গ্রামে এঘটনা ঘটে। সে উপজেলার পৌর এলাকার নারায়নপুর গ্রামের রশিদ সরদারের ছেলে।

স্থানীয় আমিরুল ইসলাম জানায়, আশরাফ ও তার ভাই সকালে চর-আফড়া জলিল বিশ্বাসের তিল ক্ষেতে কাজ করতে যায়। কাজ শেষে বাড়ি ফেরার পথে বাজ্রপাত হলে তিনি গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাটোর:
নাটোরের সিংড়া কলম কাজিপাড়া গ্রামে বজ্রপাতে কলেজ ছাত্র রাসেল নামে একজনের (২২) মৃত্যু হয়েছে। সে হাতিয়ান্দহ ইউনিয়নের আলাদী গ্রামে ওসমান আলীর পুত্র এবং দিঘাপতিয়া এমকে ডিগ্রী কলেজের ছাত্র। নানার বাড়ি কলম কাজিপাড়ায় রবিবার বিকেলে এ ঘটনা ঘটে। বিকেলে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষনা করেন।

মাদারীপুর:
মাদারীপুর জেলার শিবচরে বাদাম তুলতে গিয়ে বজ্রপাতে আয়েশা বেগম (৫০) নামের এক নারী মৃত্যু হয়েছে। বিকেল ৪টায় উপজেলার চরজানাজাত ইউনিয়নের বালুরটেকে এলাকায় এ ঘটনা ঘটে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। নিহত আয়েশা একই এলাকার ছোরফান হাওলাদারের স্ত্রী।

মুন্সিগঞ্জ:
মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখানে বৃষ্টির মধ্যে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে অপূর্ব বর্মন (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বিকেল ৪টায় উপজেলার শেখরননগর মাঠে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

নিহত অপূর্ব উপজেলার শেখরনগর ইউনিয়নের জেলেপাড়া গ্রামের স্বপন বর্মনের ছেলে ও আলী আজগর অ্যান্ড আব্দুল্লাহ কলেজের এইচএসসির পরীক্ষার্থী।

মানিকগঞ্জ:
মানিকগঞ্জের ঘিওরে বজ্রপাতে মো.শাহীন হোসেন (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বিকেল সাড়ে ৫টার দিকে ঘিওর উপজেলার বৈলট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শাহীন হোসেন ঘিওর সদর ইউনিয়নের মুক্তার হোসেনের ছেলে। তিনি শিবালয়ের মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রি কলেজে এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বিষয়টি নিশ্চিত করেছেন।

বরিশাল: 
বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের উত্তর সাতলা গ্রামে রবিবার বিকেলে বজ্রপাতে নান্টু বালী (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার ইউনুস বালীর ছেলে।

পটুয়াখালী: 
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে ক্ষেতে চাষ করার সময় বজ্রপাতে আবদুল জলিল নামের এক ব্যক্তি মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জলিল তারাবুনিয়া গ্রামের মৃত সেরজন আলী হাওলাদারের ছেলে।

খখ/মো মি

আগে‘জেলাতে তথ্য ভবনের সঙ্গে একটি করে সিনেমা হল থাকবে’-তথ্যমন্ত্রী 
পরেশিক্ষাপ্রতিষ্ঠানের বন্ধ বাড়ছেঃ ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না