খাসখবর মহামারী ডেস্ক➤করোনায় গত দেড় মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬৭ জনের মৃত্যু হলো। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ হাজার ৪৬৬ জনে। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৫৭ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ লাখ ৪৮ হাজার ২৭ জনে।
শনিবার (১৯ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ১ হাজার ৭২৫ জন।
গত একদিনে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ৯৪৭টি নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৯৬৪টি। নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৮.০২ শতাংশ।
গতকাল শুক্রবার দেশে করোনায় মৃত্যু হয়েছিলো ৫৪ জনের। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩৪ জন পুরুষ এবং ৩৩ জন নারী। এদের মধ্যে বাসায় ৩ জন ছাড়া বাকি সবাই হাসপাতালে মারা গেছেন।
সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫১০টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩২টি, জিন এক্সপার্ট ৪৪টি, র্যাপিড অ্যান্টিজেন ৩৩৪টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ৯৪৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৬৩ লাখ পাঁচ হাজার ৫০৩টি।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৮ দশমিক ০২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃত ৬৭ জনের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, খুলনা বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে ৮ জন, সিলেট বিভাগের একজন, রংপুর বিভাগে ৮ জন এবং ময়মনসিংহের একজন রয়েছেন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ৫৭ জন, বেসরকারি হাসপাতালে ৭ জন এবং বাড়িতে ৩ জন মারা গেছেন।
মারা যাওয়াদের মধ্যে সর্বোচ্চ খুলনা বিভাগেই ২৪ জন মারা গেছেন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৭ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ২২, ৪১ থেকে ৫০ বছরের ১২, ৩১ থেকে ৪০ বছরের ৩ জন এবং ২১ থেকে ৩০ বছরের ৩ জন রয়েছেন।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন এক হাজার ২৩৪ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪৬৭ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন এক লাখ ৫৬ হাজার ১৪০ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ১ লাখ ২৫ হাজার ৭১৪ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৩০ হাজার ৪২৬ জন।
খখ/মো মি


