খাসখবর জাতীয় ডেস্ক➤স্ট্রোক করে চির বিদায় নিলেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম। মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট জেয়াদ আল মালুম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৬ জুন) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইটি স্পেশালিস্ট মেহেদি মাসুদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
৬৭ বছর বয়সী জেয়াদ আল মালুম দীর্ঘ দিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন।
গত ২৫ মে রাতে হঠাৎ অসুস্থ (স্ট্রোক) হয়ে পড়ার পর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শারীরিক অবস্থার আরও অবনতি হলে গত ২ জুন তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়।
২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হলে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য জেয়াদ আল মালুম প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান। সেই থেকে তিনি দায়িত্ব পালন করে আসছিলেন।
মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আজম ও মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে করা মামলার বিচারে রাষ্ট্রপক্ষে বিশেষ ভূমিকা রাখেন জেয়াদ আল মালুম।
খখ/ মো মি


