গ্রেফতার হলেন আলোচিত হেলেনা জাহাঙ্গীর

thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক➤ আওয়ামী লীগের উপকমিটি থেকে অব্যাহতি পাওয়া আলোচিত-সমালোচিত ব্যবসায়ী ও এফবিসিআই’র পরিচালক হেলেনা জাহাঙ্গীরকে গুলশানের বাসায় থেকে র‌্যাব গ্রেফতার করেছে।

thai foods

বৃহস্পতিবার রাত ১২ টার দিকে র‌্যাব গুলশান ২ নম্বরের ৩৬ নম্বর সড়কের ৫ নম্বর বাড়ির পঞ্চম তলার ৫/বি ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করে।
র‌্যাব জানিয়েছে, তার ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ জিনিস উদ্ধার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাত ৮টা থেকে হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালানো শুরু হয়।  সেই অভিযান চলে রাত সোয়া ১২টা পর্যন্ত। এরপর হেলেনা  জাহাঙ্গীরকে তুলে নেন র‌্যাব সদস্যরা।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট  পলাশ কুমার বসু গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে বলেন, আমরা একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছি। আমরা এখন তাকে র‌্যাবের হেড কোয়ার্টারে নিয়ে যাব। জিজ্ঞাসাবাদ শেষে আমরা গণমাধ্যমকে বিস্তারিত জানাব।

অভিযানে হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, ক্যাসিনো খেলার সরঞ্জাম, ওয়াকটকি, বিদেশি চাকু উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে র‌্যাবের আরেকজন কর্মকর্তা বলেন, অভিযানের সময় তার বাসায় বিপুল পরিমাণ মাদক ও  হরিণের চামড়া পাওয়া গেছে।  মাদকবিরোধী আইন ও বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তার বিরুদ্ধে মামলা হতে পারে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালানো হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যপদ থেকে হেলেনা জাহাঙ্গীরকে অব্যাহতি দিয়ে গত রোববার আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে বলা হয়, হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তার সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের নীতি বহির্ভূত হওয়ায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যপদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
হেলেনাকে কুমিল্লা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পদ থেকে আরও আগেই বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।

হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলাবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য হয়েছিলেন গত ১৭ জানুয়ারি। তার আগে ২০২০ সালের ডিসেম্বরের দিকে তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হন। আবদুল মতিন খসরু মারা গেলে ওই আসনে মনোনয়নের জন্য দলীয় ফরম সংগ্রহ করেছিলেন। তবে মনোনয়ন পাননি।

সম্প্রতি নেতা বানানোর ঘোষণা দিয়ে ফেসবুকে ছবি পোস্ট করে ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামে একটি সংগঠন। এটির কেন্দ্রীয় সভাপতি হিসেবে নাম আসে হেলেনা জাহাঙ্গীরের। আর সাধারণ সম্পাদক করা হয় মাহবুব মনিরকে। তাদের নাম-সংবলিত পোস্টার ফেসবুকে ভাইরাল হয়। পোস্টারে সংগঠনটির জেলা, উপজেলা ও বিদেশি শাখায় সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়োগ দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়। সংগঠনটির দাবি, দুই-তিন বছর ধরে আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে অনুমোদন পাওয়ার চেষ্টা করছে তারা। যদিও আওয়ামী লীগ নেতারা বলছেন, সংগঠনটির সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই।

গত ২৪ জুলাই শুক্রবার রাত ৯টা ৫০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে চাকরিজীবী লীগ গঠনের উদ্দেশ্য তুলে ধরেন হেলেনা। তিনি লিখেছেন, ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় আর সরকারের হাতকে শক্তিশালী করার প্রত্যাশায় বাংলাদেশের আওয়ামী চাকরিজীবী লীগ।’পরে অবশ্য সংগঠনটির সঙ্গে নিজের সম্পর্কের কথা অস্বীকার করেন হেলেনা। বলেছেন, তিনি ওই পদ এখনও আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেননি।

খখ/মো মি

আগে৩১ আগস্ট পর্যন্ত বাড়লো শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি
পরেঢাকায় এসেছে সিনোফার্মের আরও ১০ লাখ টিকা