খাসখবর প্রতিবেদক, বিনোদন ডেস্ক➤ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওন। জানা গেছে, শাওন শুক্রবার ও ফারুকী শনিবার করোনা আক্রান্তের বিষয়টি জানতে পারেন।
শাওন জানালেন, গা ব্যথা, দুর্বলতা, কাশি—এই তিন উপসর্গ দেখা দিলে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে গত বৃহস্পতিবার কোভিড–১৯-এর স্যাম্পল দিয়ে আসেন। পরদিন জানতে পারেন, তিনি করোনা পজিটিভ। নিজের বাসায় আইসোলেশনে আছেন মেহের আফরোজ শাওন। খাওয়াদাওয়া এবং অক্সিজেন স্যাচুরেশনও স্বাভাবিক বলে জানান তিনি। তাঁর দুই সন্তান নিষাদ আর নিনিতও বাসায় আছে এবং নিরাপদে আছে বলে জানালেন শাওন।
ফারুকীর স্ত্রী দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী নুশরাত ইমরোজ তিশা জানান, একমাত্র কাশির সমস্যা ছিল। এরপর গতকাল তিনি কোভিড স্যাম্পল দেন। আজ জানতে পারেন, তিনি করোনা পজিটিভ। এখন বনানীর বাসায় আইসোলশনে আছেন ফারুকী। খাওয়াদাওয়াসহ সবকিছুই স্বাভাবিক। আর কোনো সমস্যা আপাতত হচ্ছে না।
এদিকে আজ(৩১ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ফারুকী লিখেছেন, ‘সব রকম নিরাপত্তাব্যবস্থা কঠোরভাবে মানার পরও পজিটিভ আমি। দয়া করে সবাই নিজের যত্ন নিন এবং মনোবল মজবুত রাখুন।’
উল্লেখ্য,পাঁচ দিন আগে করোনার টিকার প্রথম ডোজ নেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।
খখ/মো মি


