খাসখবর রাজনীতি ডেস্ক➤ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নয়াদিল্লিতে প্রেসক্লাব অব ইন্ডিয়ায় বঙ্গবন্ধু মিডিয়া কর্নার উদ্বোধন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী, পররাষ্ট্র সচিব, সাংবাদিক, গবেষক সকলের সঙ্গে বৈঠকসহ তার গত ৬-৭ সেপ্টেম্বরের ভারত সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।
শুক্রবার(১০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মিন্টো রোডে মন্ত্রীর বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি জানান, প্রেসক্লাব অব ইন্ডিয়াতে বঙ্গবন্ধু মিডিয়া কর্নার উদ্বোধন দু’দেশের সম্পর্কে একটি মাইলফলক। বঙ্গবন্ধুর একটি পূর্ণাঙ্গ প্রতিকৃতিও সেখানে স্থাপিত হয়েছে।
এস জয়শংকরের সঙ্গে করোনা পরিস্থিতি ও টিকা ব্যবস্থাপনা নিয়ে আলোচনার বিষয়ে মন্ত্রী বলেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিদেশি কাঁচামালের অপ্রতুলতার কারণে টিকা উৎপাদন ব্যাহত হবার কথা জানান, যা বছরের শেষ চতুর্ভাগ অর্থাৎ অক্টোবর-ডিসেম্বরে তারা কাটিয়ে উঠবে। আশা করি, ভারতে টিকা উৎপাদন জোরদার হলে তারা বাংলাদেশে চুক্তির টিকা সরবরাহে সক্ষম হবে।’
‘আওয়ামী লীগ নির্যাতনকারী দল’ বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতিই রক্ত, লাশ ও মানুষকে নির্যাতনের ওপর দাঁড়িয়ে। ফখরুল সাহেব এমন দল করেন যেই দলের নেতা মানুষের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতা দখল করেছিলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন।
আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকেও সেই সময় হত্যা করা হয়েছে। এরপর খালেদা জিয়ার নেতৃত্বে ফখরুল সাহেবরা যেভাবে পেট্রোল বোমা মেরে নিরপরাধ মানুষকে মেরেছে, দিনের পর দিন অবরোধের নামে মানুষকে নির্যাতন করেছে, তাতে ওই মন্তব্য তাদের ক্ষেত্রেই প্রযোজ্য
খখ/মো মি


