খাসখবর মহামারী ডেস্ক➤ করোনায় শনাক্তের হার ৫ শতাংশের নিচে নেমে এসেছে। দেশে একদিনে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে, যা গত চারমাসের মধ্যে সর্বনিম্ন। এরআগে গতকাল সোমবারও ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যুর খবর দিয়েছিলো স্বাস্থ্য অধিদফতর।
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন মৃত্যু ২৬ জনসহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ২৭৭ জনে। একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৬২ জন।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৩২৭ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৬৯ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৪৫ হাজার ৮০০ জনে।
সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১০টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৩৩ হাজার ৩৭৫টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ৩২৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৯৪ লাখ ৯৮ হাজার ৪১৪টি।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার চার দশমিক ৬৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ২৭ শনাক্ত এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।
এছাড়া আজ নতুন করে সুস্থ হয়েছেন ১ হাজার ৬০৩ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৪ হাজার ৭০৯ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ২৬ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছে।
মারা যাওয়াদের মধ্যে ১৬ জন পুরুষ ও ১০ জন নারী। এদের মধ্যে একজন ছাড়া বাকি সবাই হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৩ জন, খুলনা বিভাগে দুইজন, সিলেট বিভাগে দুইজন ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৪৩৮ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭১৪ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন তিন লাখ ৭৮ হাজার ১০৯ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ ৩৪ হাজার ৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৪৪ হাজার ১০২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।
খখ/মো মি


