খাসখবর রাজনীতি ডেস্ক➤ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের নামে বিএনপি কোনো ধরনের সহিংসতা করলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে। কোনো নির্বাচন নির্বাচন খেলা হবে না, দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (৫ অক্টোবর) দ্বিতীয় আমিনবাজার সেতুর নির্মাণকাজ পরিদর্শনে গিয়ে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
বিএনপির আন্দোলনের ঘোষণা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কোনো ধরনের সহিংসতা করলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে। সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ-আলোচনা করে সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশন গঠিত হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কোনো নির্বাচন নির্বাচন খেলা হবে না, দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, নির্বাচন কমিশন নিয়ে কোনো সংশয় থাকার কারণ নেই, এখানে বিএনপিরও প্রতিনিধি থাকবে। নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ হয় তাহলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব।
সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর। সেতু পরিদর্শন শেষে ওবায়দুল কাদের মিরপুরের বিআরটিএ কার্যালয়ে এক ঝটিকা পরিদর্শন করেন। এ সময় সেবাগ্রহীতাদের নানা সমস্যার কথা শোনেন তিনি। বিআরটিএ’র কর্মকর্তাদের সততার সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশ দেন তিনি। বিআরটিএ-তে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।
খখ/মো মি


