‘ভোট এলে হিন্দুদের কাছে গিয়ে আমরা যারা মায়াকান্না করি, হিন্দুদের দরদ দেখাই, বিপদের সময় আমরা তাদের পাশে দাঁড়াতে পারিনি কেন?’- ওবায়দুল কাদের

thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক➤ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভোট এলে হিন্দুদের কাছে গিয়ে আমরা যারা মায়াকান্না করি, হিন্দুদের দরদ দেখাই, বিপদের সময় আমরা তাদের পাশে দাঁড়াতে পারিনি কেন? এ প্রশ্ন আপনাদের প্রত্যেকের বিবেকের কাছে আমি রেখে গেলাম।

thai foods

তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক সে জন্য নির্বাচন থেমে থাকবে না। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, সংবিধান মেনে বাংলাদেশেও সেভাবে নির্বাচন হবে। নির্বাচনে বিএনপি এলো কি এলো না তার জন্য নির্বাচন বসে থাকবে না।

মঙ্গলবার(২ নভেম্বর)  সকালে বঙ্গবন্ধু এভিনিউ থেকে নোয়াখালীর চৌমুহনীতে হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ সব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাজনীতির মাঠে পরাজিত হয়ে উগ্র সাম্প্রদায়িক অপশক্তি সম্প্রীতি নষ্ট করছে। এরা ওপরে ওপরে নিষ্ক্রিয় হলেও ভেতরে ঠিকই সক্রিয় যার প্রমাণ এবারের হামলাগুলো।

আওয়ামী লীগের নেতাকর্মীরা কঠোরভাবে সতর্কতা অবলম্বন করলে নোয়াখালীতে সাম্প্রদায়িক হামলার দুঃসাহস হতো না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নোয়াখালীর আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন,  চৌমুহনীতে গত ১২ বছর এমন কোনো ঘটনা ঘটেনি। নোয়াখালীতে পূজামণ্ডপে কোনো হামলা হয়নি।

এবারের তাণ্ডবটা কেন হলো, কীভাবে হলো, আমি সেখানকার নেতৃবৃন্দকে প্রশ্ন রাখতে চাই। কুমিল্লায় যখন ঘটেছে এতগুলো পূজামণ্ডপে, চৌমুহনীতে আপনারা কেন সতর্ক হলেন না? ভোট এলে হিন্দুদের কাছে গিয়ে আমরা যারা মায়াকান্না করি, হিন্দুদের দরদ দেখাই, বিপদের সময় আমরা তাদের পাশে দাঁড়াতে পারিনি কেন? এ প্রশ্ন আপনাদের প্রত্যেকের বিবেকের কাছে আমি রেখে গেলাম।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, আমাদের এত বড় সংগঠন, এত কর্মীবাহিনী। কুমিল্লার ঘটনার পরদিন চৌমুহনীর ঘটনা ঘটেছে। যদি আপনারা কঠোরভাবে সতর্কতা অবলম্বন করতেন, আওয়ামী লীগ সতর্ক থাকলে এদের এত দুঃসাহস হতো না—এরকম তাণ্ডব চৌমুহনীতে তারা করে গেল। সব কিছু প্রশাসনের দিকে তাকিয়ে হয় না। সেখানে ২টি প্রাণহানি ঘটলো। আমাদের বিবেক কি আলোড়িত হচ্ছে না? আমি বলবো, আমাদের দায়িত্বপালনে ব্যর্থতা আছে। সেটা নিজেরা খুঁজে বের করুন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আপনাদের সতর্কতার উপায় খুঁজে বের করতে হবে।

যে কোনো অবস্থায় দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এতগুলো মন্ডপ চৌমুহনীতে জ্বালিয়ে-পুড়িয়ে দিল, আপনারা কি নিরব দর্শক হয়ে দাঁড়িয়ে ছিলেন? একটা প্রতিরোধও তো হলো না, এটা নোয়াখালীর সন্তান হিসেবে আমাকে দুঃখ দিয়েছে। আমি নিজে লজ্জা পেয়েছি। কী জবাব দেব আজকে হিন্দু সম্প্রদায়ের কাছে!

হিন্দু সম্প্রদায়ের মানুষদের উদ্দেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ আপনাদের সঙ্গে আছে। আপনাদের ক্ষতিগ্রস্ত পূজামণ্ডপ, মন্দির ও ঘরবাড়ি সরকারিভাবে করে দেওয়া হবে। এ ব্যাপারে আমি সরকারের পক্ষ থেকে আপনাদের আস্বস্ত করছি।

সাম্প্রদায়িক সহিংসতায় নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী এবং ভারতের সঙ্গে সরকারের সুসম্পর্কের ক্ষেত্রে ফাটল ধরাতেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্ত চলছে।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য মতিয়া চৌধুরী বলেন, যখন দেশ উন্নয়নের স্বর্ণ শিখরে তখন পরাজিত শক্তি ষড়যন্ত্রে লিপ্ত।

এ সময়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

খখ/মো মি

আগেকরোনায় ১দিনে ৩ জনের মৃত্যু, শনাক্ত ২২৯
পরেআজ ৩ নভেম্বর জেল হত্যা দিবসঃ কলঙ্কিত সেইদিন