ওমিক্রন’ তিন গুণ সংক্রমিত করে এবং মৃত্যুও বাড়াবে

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি
thai foods

বিশেষ প্রতিনিধি, খাসখবর মহামারী ডেস্ক➤সারা বিশ্বে নতুন আতংকের নাম করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’।ইতিমধ্যে শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে এটি। ডেলটা ভ্যারিয়েন্টের চেয়ে করোনা ভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ তিন গুণ সংক্রমিত করে এবং এতে মৃত্যুও বাড়বে। এই অবস্থার মধ্যে বিশ্বস্বাস্থ্য সংস্থা হুঁশিয়ার করে বলেছে, ওমিক্রনে মৃত্যু বাড়বে। দ্রুত সংক্রমিত করা ও মৃত্যু বাড়ার প্রেক্ষাপটে ওমিক্রন নিয়ে বাংলাদেশসহ সারা বিশ্বে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

thai foods

শীতকালে এমনিতেই করোনার বিস্তার ঘটে, তার ওপর এসেছে ওমিক্রন। দেশে ইতিমধ্যে দুই জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। তাদের হোটেল থেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। করোনার ভয়ংকর ভ্যারিয়েন্ট ওমিক্রন যাতে দেশে দ্রুত ছড়িয়ে না পড়ে সেজন্য যে কোনো ধরনের সভা-সমাবেশ নিয়ন্ত্রণ করার সুপারিশ করে বিশেষজ্ঞরা বলেন, সময় থাকতে সচেতন হতে হবে। এখনই আমাদের জন্য গোল্ডেন সময়। মাস্ক পরতে হবে, শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে। নইলে ওমিক্রন ছড়িয়ে পড়লে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বে ওমিক্রনে সংক্রমণের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। এ কারণে বিশ্বের অনেক দেশে নতুন করে রোগীদের হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা বাড়বে বলে আমরা আশঙ্কা করছি। ডব্লিউএইচও বলছে, করোনার একটি ধরন মহামারির গতি-প্রকৃতির ওপর বড় প্রভাব ফেলবে বলে আমরা ধারণা করছি। তবে এই ধরনটি ওমিক্রন কি না, সেটা নিশ্চিত করে এখনই বলা যাচ্ছে না। এদিকে ব্রিটেনের উপ-প্রধানমন্ত্রী ডমিনিক রাব বলেন, করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া এখন পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত এক জনের মৃত্যু হয়েছে। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেন, দ্রুত হারে ওমিক্রন ধরনের সংক্রমণ বাড়ায় যুক্তরাজ্যে করোনায় মৃত্যু আকস্মিকভাবে বেড়ে যেতে পারে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, ব্রিটেনে এক দিনে ৪৮ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। রাশিয়ায় এক দিনে ১ হাজার ২৩৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে ব্রিটেন এবং রাশিয়ার নতুন আক্রান্তরা ওক্রিমন সংক্রমিত কি না, সেটা কেউ বলছে না। এটা ঠিক যে, ডেলটা ভ্যারিয়েন্টের চেয়ে দ্রুত ছড়ায় ওমিক্রন। বর্তমানে দেশে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কম—এই ভেবে আত্মতৃপ্তিতে ভুগলে চলবে না। যে কোনো মুহূর্তে ওমিক্রন থাবা মারতে পারে। ওমিক্রন ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হবে। তাই সময় থাকতে সবার সতর্ক হতে হবে। সভা-সমাবেশসহ যে কোনো ধরনের জনসমাগম নিয়ন্ত্রণ করতে হবে। মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে। একই সঙ্গে করোনার ভ্যাকসিন গ্রহণ করতে হবে।

কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ বলেন, ওমিক্রন দ্রুত সংক্রমিত করে। ডেলটা ভ্যারিয়েন্টের চেয়ে তিন গুণ সংক্রমিত করে। তবে মৃত্যু ঝুঁকির ব্যাপারে আমি নিশ্চিত নই। যেহেতু দ্রুত সংক্রমিত করে, তাই সময় থাকতে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখন সব ধরনের সভা-সমাবেশ ও জনসমাগম সীমিতকরণ করার পাশাপাশি ষাটোর্ধ্ব ও ফ্রন্ট লাইনারদের বুস্টার ডোজ  দেওয়ার সুপারিশ করা হয়েছে সরকারের কাছে। মাস্ক পরা বাধ্যতামূলক করতে হবে। সরকারি-বেসরকারি যে কোনো ঘরোয়া সেমিনারে অংশগ্রহণকারীর সংখ্যা কমিয়ে আনতে হবে। প্রয়োজনে অনলাইনে সেমিনার করা যেতে পারে। স্কুল-কলেজ যেভাবে আছে, আপাতত স্বাস্থ্যবিধি মেনে সেভাবে চলতে পারে। সবার স্বাস্থ্যবিধি মানতেই হবে। দেশে প্রবেশের সব পয়েন্টে স্ক্রিনিং, কোয়ারেন্টাইন ও আইসোলেশন কার্যক্রম আরো জোরদার করতে হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, এখন করোনার রোগীর সংখ্যা বাড়ছে। দেশে ওমিক্রনে আক্রান্ত দুই জন রোগী যেহেতু শনাক্ত হয়েছে, তাই এখন থেকে জনসমাগম, সভা-সমাবেশ নিয়ন্ত্রণ করতে হবে। মাস্ক পরার জন্য জেল-জরিমানা চালু করতে হবে। বিমানবন্দরে কঠোর নজরদারিতে রাখতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, সময় থাকতে ব্যবস্থা নিতে হবে। এখন থেকেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সময় ফুরিয়ে গেলে কাজ হবে না। সবার মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানানোর জন্য মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে তিনি কথা বলেছেন। তিনি সারা দেশের মানুষকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানাতে ডিসি-এসপিদের নির্দেশনা দিতে মন্ত্রিপরিষদ সচিবকে অনুরোধ জানিয়েছেন। অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, এখন অহেতুক ঘোরাঘুরি করা যাবে না। মাস্ক পরতে হবে। এখনই গোল্ডেন সময়।

প্রসঙ্গত, ‘ডেলটা’ ধরনের চেয়ে অধিক ‘সংক্রামক’ ওমিক্রন ঠেকাতে ইতিমধ্যে দেশের সবকটি বিমানবন্দর ও স্থল বন্দরে সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত ‘ওমিক্রন’ ঠেকাতে দেশটি থেকে আসা নাগরিকদের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সচিব সবাইকে শারীরিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে অফিস করার নির্দেশ দিয়েছেন।

খখ/মো মি

আগেওমিক্রনে আক্রান্ত দুই নারী ক্রিকেটার হাসপাতালে ভর্তি
পরেনতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপ শুরু ২০ ডিসেম্বর