“গণতান্ত্রিক দেশের মতো সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে”-ওবায়দুল কাদের

thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক➤আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাষ্ট্রপতির সংলাপে বিএনপির অংশ না নিলেও কোনো কিছু থেমে থাকবে না। গণতান্ত্রিক দেশের মতো সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

thai foods

শুক্রবার এক বিবৃতিতে গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শনিবার (৮ জানুয়ারি) এ মন্তব্য করেন তিনি।

এক বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতারা বলেছেন বিএনপি অংশ নেয়নি তাই রাষ্ট্রপতির সংলাপ অর্থহীন। বিএনপি ছাড়াও এদেশে আরও রাজনৈতিক দল আছে এ কথা সম্ভবত তারা ভুলে গেছে। বিএনপি অংশ না নিলে কোনও কিছুই থেমে থাকবে না, থেমে থাকবে না রাষ্ট্রের গণতন্ত্র এবং সাংবিধানিক প্রক্রিয়ার ধারাবাহিকতা।’

বিএনপির কাজই হলো সরকার এবং দেশের কল্যাণকর প্রয়াস ও অর্জনকে বিতর্কিত করা মন্তব্য করে কাদের বলেন, ‘সবকিছু নিয়ে বিতর্ক করতে গিয়ে তারাই আজ জনগণের কাছে বিতর্কিত। অপরিণামদর্শী রাজনীতির কারণে তারা গভীর খাদের প্রান্তে। তাদের হাঁক-ডাক নিজেদের ব্যর্থতা আড়াল করা এবং নেতা-কর্মীদের মনোবল ধরে রাখার ব্যর্থ প্রয়াস ছাড়া আর কিছুই নয়।’

মির্জা ফখরুলের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে নির্বাচন দাবির প্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা সরকারের কাছে নির্বাচন দাবি করার প্রয়োজন নেই। দেশে যথাসময়ে সাংবিধানিক বিধি-বিধান অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে সংশয়ের অবকাশ নেই। বরং বিএনপি নির্বাচন দাবি করলেও নির্বাচনের মাঠ থেকে শেষ মুহূর্তে সরে যায় কিনা জনগণ সে আশঙ্কায় রয়েছে। কারণ বিএনপি নির্বাচন ও জনগণকে ভয় পায়। তারা গণরায়ের প্রতি শ্রদ্ধাশীল নয়।’

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিএনপি নেত্রীই একসময় বলেছিলেন, শিশু ও পাগল ছাড়া কেউ নিরপেক্ষ নয়। তত্ত্বাবধায়ক সরকার এখন অতীত ইস্যু। এটি দেশের উচ্চ আদালতের মীমাংসিত বিষয়। এ নিয়ে মাঠ গরম করে লাভ নেই। বরং নতুন বছরে বিএনপিকে রাজনীতিতে ইতিবাচক ধারা প্রতিষ্ঠা এবং জনগণের পাশে থেকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

খখ/মো মি

আগে“প্রতিমাসে এক কোটি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হবে”-প্রধানমন্ত্রী
পরে“প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য শান্তি চুক্তির মাধ্যমে এ অঞ্চলকে শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে নিয়েছেন”-ড. হাছান মাহমুদ