অ্যাডভোকেট তোফাইল বাঁশখালী পৌরসভার নতুন মেয়র

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক➤চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা নির্বাচনে মেয়র হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এসএম তোফাইল বিন হোছাইন। নৌকা প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে প্রায় ১৩ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে বিপুল ভোটে বিজয়ী হন।

thai foods

তোফাইল বিন হোছাইন নৌকা প্রতীকে ১৪ হাজার ৩ শত ৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এদিকে অনিয়মের অভিযোগ এনে সকাল সাড়ে ১১টায় ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র কামরুল ইসলাম হোছাইনী। তিনি মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৬৫ ভোট।

বাঁশখালী পৌরসভা নির্বাচনে নির্বাচিত সাধারণ কাউন্সিলরগণ হলেন- ১ নম্বর ওয়ার্ডে আনসুর আলী তালুকদার, ২ নম্বর ওয়ার্ডে কাঞ্চন বড়ুয়া, ৩ নম্বর ওয়ার্ডে জামশেদ আলম, ৪ নম্বর ওয়ার্ডে আরিফ মঈনুদ্দিন, ৫ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ ইসহাক, ৬ নম্বর ওয়ার্ডে আকতার হোসেন, ৭ নম্বর ওয়ার্ডে আবদুল গফুর, ৮ নম্বর ওয়ার্ডে প্রনব দাশ, ৯ নম্বর ওয়ার্ডে বদিউল আলম। এছাড়া সংরক্ষিত নারীদের মধ্যে রোজিনা আক্তার (১,২,৩ নম্বর ওয়ার্ড), রোজিয়া সোলতানা রোজি (৪,৫,৬ নম্বর ওয়ার্ড), সাদেকা নুর খানম বিউটি (৭,৮,৯ নম্বর ওয়ার্ড)।

রবিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ সম্পন্ন হয়।

বাঁশখালী পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মেয়রপ্রার্থী অ্যাডভোকেট এসএম তোফায়েল বিন হোছাইন (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম হোসাইনী (মোবাইল ফোন), দুই মেয়র প্রার্থী ছাড়াও এবার সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৪৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

জানা গেছে, বাঁশখালী পৌরসভায় মোট ভোটার ২৬ হাজার ৯৮০ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৯৪ জন এবং মহিলা ভোটার ১২ হাজার ৮৮৬ জন।

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের পৌর নির্বাচনে নারী ভোটারদের উপস্থিতি ছিল দেখার মতো। নির্বাচনকে ঘিরে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে অনিয়মের অভিযোগ তুলে স্বতন্ত্রপ্রার্থী কামরুল ইসলাম হোছাইনী বেলা সাড়ে ১১টার সময় ভোট বর্জনের ঘোষণা দেন। এ নির্বাচনে সিংহভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইন জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। ৯ ওয়ার্ডের ১১টি কেন্দ্রে ভোটগ্রহণে কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে এলাকায় স্ট্রাইকিং ফোর্সসহ বিজিবি, পুলিশ ও র‌্যাব মাঠে তৎপর ছিলেন।

ভোট কেন্দ্রগুলোতে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিযুক্ত ছিলেন। ভোটকেন্দ্রের নিরাপত্তায় ২ প্লাটুন বিজিবি, ৩২০ জন পুলিশ সদস্য ও ১ প্লাটুন র‌্যাব সদস্য দায়িত্ব পালন করেছেন। এছাড়া প্রতি কেন্দ্রে ৮ জন পুলিশ ও ৯ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করেছেন।

প্রথমবারের মতো বাঁশখালী পৌরসভায় ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোট কাস্ট হয়েছে শতকরা ৫৮.২৯ ভাগ। মোট ১৫ হাজার ৭২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

খখ/মো মি

আগে“নাসিক, টাঙ্গাইল-৭ ও পাঁচটি পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে”-ইসি সচিব
পরে“৫০ বছর বয়সীরাও বুস্টার ডোজ পাবেন”-স্বাস্থ্যমন্ত্রী