“নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মতো আগামী জাতীয় সংসদ নির্বাচনও চমৎকার হবে”-ড. হাছান মাহমুদ

thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক➤তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে মন্তব্য করে বলেছেন, ‘আশা করি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মতো আগামী জাতীয় সংসদ নির্বাচনও চমৎকার হবে।’ 

thai foods

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে ‘দৈনিক ভোরের আকাশ’ পত্রিকার নবরূপে আত্মপ্রকাশ অনুষ্ঠানে  তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

ইতোপূর্বে অনুষ্ঠিত পাঁচ পৌরসভায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘গতকাল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এমন সুন্দর নির্বাচন হয়েছে যে, নির্বাচনি প্রচারণা থেকে শুরু করে ভোটের দিন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা হয়নি।’ তিনি আরও বলেন, ‘সারাদেশে যে পাঁচটি পৌরসভায় নির্বাচন হয়েছে, সেসব জায়গায়ও অত্যন্ত সুন্দর, ভালো নির্বাচন হয়েছে। পাঁচটির মধ্যে চারটিতে আওয়ামী লীগ প্রার্থীরা জয়লাভ করেছেন। পার্লামেন্ট আসনের নির্বাচনও সুন্দর হয়েছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা আগের চেয়ে বেড়েছে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘এদিকে বিএনপি নির্বাচন থেকে পালিয়ে দৃশ্যত অংশ না নিলেও ভিন্ন অবয়বে সব জায়গাতে তারা নির্বাচনে ছিলেন। তারাও নিশ্চয় বুঝতে পেরেছেন, তাদের জনপ্রিয়তা কোন জায়গায় আছে, এ নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই। আশা করবো, সবকিছু নিয়ে বিভ্রান্তি ছড়ানো থেকে সংশ্লিষ্টরা বিরত থাকবেন।’

সাংবাদিকদের  উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ‘কোনো জায়গায় যদি কোনো বিচ্যুতি, অনিয়ম হয়, অবশ্যই সেটি পত্রিকায় আসবে। পাশাপাশি দেশটা যে আজকে এত এগিয়ে গেলো, আমাদের মাথাপিছু আয় ভারতকেও যে ছাড়িয়ে গেলো, সেটা নিয়ে তো দেশে যেভাবে মাতামাতি হওয়ার কথা ছিল, তা হয়নি।’

এই করোনার মধ্যে পৃথিবীর মাত্র ২০টি দেশে ‘পজিটিভ জিডিপি গ্রোথ’ হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘এরমধ্যে বাংলাদেশ একটি। এতে বাংলাদেশের অবস্থান ৩ নম্বরে। সেটি নিয়ে তো আমাদের দেশে পত্রপত্রিকায় মাতামাতি হয়নি। জাতির এগিয়ে যাওয়ার গল্পটাও তো জাতিকে শোনাতে হবে, সেটি আমাদের গণমাধ্যমের  নৈতিক দায়িত্ব।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, দৈনিক ভোরের আকাশ পত্রিকার সম্পাদক খালেদ ফারুকী ও প্রকাশক আব্দুল্লাহ প্রমুখ।

খখ/মো মি

আগে“সংবিধান অনুযায়ী দ্রুত গঠন করতে হবে নির্বাচন কমিশন”- রাষ্ট্রপতি
পরে“সবসময় আইভীর মাথার ওপর আমার হাত থাকবে”-তৈমূর আলম