খাসখবর মহামারী ডেস্ক➤দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এই সময়ে ৩১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ১২৪ জনের।
বুধবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার (১২ এপ্রিল) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। একই সময়ে ২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
নতুন করে শনাক্ত হয়েছেন ৩১ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ১৬২ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৭৪ জন।
এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৯ হাজার ৮৭৯ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭৯টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে পাঁচ হাজার ৩৩৯টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার ৩৮৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৩৯ লাখ পাঁচ হাজার ৬৬১টি।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ৫৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক শূন্য চার শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৮১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১৫ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৮৩ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন চার লাখ ৪৩ হাজার ৫৯৭ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ১১ হাজার ৮৫৯ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৩১ হাজার ৭৩৮ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।
খখ/মো মি


