খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর জামালখানস্থ চেরাগি পাহাড় এলাকায় ছুরিকাঘাতে কলেজছাত্র খুনের ঘটনায় এজাহারভুক্ত আসামি শচীন দাশকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
রোববার (১৯ মার্চ) রাতে নগরীর কোতোয়ালী থানার লালদিঘীর পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শচীন দাশের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। বর্তমানে নগরীর বায়েজিদ বোস্তামি থানার রউফাবাদ এলাকায় তার বসবাস।
পুলিশ জানায়, এ নিয়ে চাঞ্চল্যকর আসকার বিন তারেক ওরফে ইভান হত্যা মামলার আট আসামিকে গ্রেফতার করা হয়েছে। ২০২২ সালের ২২ এপ্রিল রাতে নগরীর চেরাগি পাহাড় সংলগ্ন রাজাপুকুর লেইনের দয়াময়ী ভবনের সামনে দু’দল কিশোর-তরুণের মারামারির মধ্যে ছুরিকাঘাতে আসকার বিন তারেক ওরফে ইভান (১৮) নামে এক তরুণ খুন হন। ইভান নগরীর বিএএফ শাহীন কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। বাসা ছিল নগরীর এনায়েত বাজারে। এ ঘটনায় ইভানের বাবা এস এম তারেক বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির বলেন, ‘ইভান হত্যা মামলার এজাহারনামীয় আসামি শচীন দাশ।
রোববার (১৯ মার্চ) রাত ১০ দিকে তাকে লালদীঘিপাড় থেকে গ্রেপ্তার করা হয়।
সোমবার শচীনকে আদালতে তোলা হলে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল হাসান জানান, জবানবন্দিতে শচীন নিজের সম্পৃক্ততার পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত আরও কয়েকজনের নাম বলেছেন। তাদের অধিকাংশই ইতোমধ্যে গ্রেফতার হয়েছে। এনিয়ে ইভান হত্যা মামলায় আট জনকে গ্রেপ্তার করা হলো।
উল্লেখ্য, গত বছরের ২২ এপ্রিল রাত ১০টায় চেরাগী পাহাড় মোড় এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন আসকার বিন তারেক ইভান। ইভান কোতোয়ালী থানার এনায়েতবাজার এলাকার এসএম তারেকের ছেলে। তিনি বিএএফ শাহীন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন এবং ২১ নম্বর জামালখান ওয়ার্ড ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন।
খখ/মো মি


