খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঝগড়ার জেরে স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে খুন করেছে এক পাষণ্ড স্বামী। ঘটনার পর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১২ এপ্রিল) রাতে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত শারমিন (৩৯) জঙ্গল সলিমপুরের পাহাড়ি এলাকায় ছিন্নমূলদের গড়ে তোলা বসতি তিন নম্বর সমাজ তালতলা শাখার বাসিন্দা মোহাম্মদ হাসানের (৫৮) স্ত্রী। মুদি দোকানি হাসানের বাড়ি নীলফামারি জেলায়।
বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘নিহত শারমিন হাসানের দ্বিতীয় স্ত্রী। তিন বছর আগে তাদের বিয়ে হলেও বনিবনা ছিল না। প্রায়ই ঝগড়া হতো তাদের মধ্যে। গত (বুধবার) রাত ৯টার দিকে ঝগড়ার জেরে তাদের মধ্যে মারামারি শুরু হয়। হাসান দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার স্ত্রীকে হত্যা করে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। রাত ৩টার দিকে হাসানকে গ্রেফতার করি।’
পুলিশ জানায়, নিহত শারমিনের মা কুলসুম বেগম বাদী হয়ে তার জামাতা হাসানের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেছেন।
খখ/মো মি


