খাসখবর রাজনীতি ডেস্ক : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে গত এক মাসে আগে বাংলাদেশে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগমন ঘিরে প্রতিবাদ জানাতে গিয়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে।
সহিংস তাণ্ডবের এসব ঘটনায় চট্টগ্রামের হাটহাজারী থানায় আরও তিনটি মামলা দায়ের হয়েছে। হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির আমির ও বর্তমান আহ্বায়ক আল্লামা জুনায়েদ বাবুনগরীকে আসামি করা হয় দুই মামলায়।
তাছাড়া পৃথক ৩ মামলায় মোট ১৪৮ জনের নাম উল্লেখ করা হয়। এরমধ্যে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের নামও রয়েছে।
মামলা দায়ের হওয়ার চার দিন পর আজ সোমবার (২৬ এপ্রিল) পুলিশ মামলার বিষয়ে তথ্য প্রকাশ করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) তিন পুলিশ সদস্য বাদী হয়ে হাটহাজারী থানায় পৃথকভাবে মামলা তিনটি দায়ের করেছিলেন। এ নিয়ে ২৬ মার্চের সহিংসতার ঘটনায় মোট ৯টি মামলা হলো।
একটি মামলার বাদী হয়েছেন চট্টগ্রাম পুলিশের জেলা বিশেষ শাখার (ডিএসবি) কনস্টেবল মো. সোলায়মান। তার দায়েরকৃত মামলায় জুনায়েদ বাবুনগরী, হেফাজত নেতা মীর ইদ্রিস, নাছির উদ্দিন, জাকারিয়া নোমান, আহসান উল্লাহসহ ১৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
আরেক মামলার বাদি হাটহাজারী থানার পরিদর্শক আমির হোসেন। এ মামলায় জুনায়েদ বাবুনগরী, হেফাজত নেতা জাকারিয়া নোমানসহ উপজেলা জামায়াতের আমিরসহ ৭৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় আসামি ২,৫০০ থেকে ৩ হাজার জন।
তৃতীয় মামলাটি করেছেন একই থানার এসআই হারুন অর রশিদ। তার দায়েরকৃত মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মীর হেলাল উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সৈয়দ ইকবাল, উপজেলা হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক এমরান শিকদারসহ ৫৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আসামী ২৫০-৩০০ জন।
খখ/প্রিন্স


