খাসখবর মহামারী ডেস্ক➤ ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু কমলোও বেড়েছে শনাক্ত। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ হাজার ৩৯৯ জনে। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৮৮৩ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ লাখ ৪৪ হাজার ৯৭০ জনে।
এর আগে গতকাল বৃহস্পতিবার (১৭ জুন) ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছিল ৬৩ জন এবং শনাক্ত হয়েছিল ৩ হাজার ৮৪০ জনের।
শুক্রবার (১৮ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৮৮২টি। নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৮.৫৯ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬২ লাখ ৮৮ হাজার ৫৩৯টি। মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৪৪ শতাংশ।
সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫২৮টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১২৬টি, জিন এক্সপার্ট ৪৬টি, র্যাপিড অ্যান্টিজেন ৩৫৬টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২১ হাজার ৩৭৩টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৮৮২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৬২ লাখ ৮৮ হাজার ৫৩৯টি।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৮ দশমিক ৫৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ১২ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫৪ জনের মধ্যে চট্টগ্রাম বিভাগেরই ১৫ জন। এছাড়া ঢাকায় ১২, রাজশাহীতে ১২, খুলনায় ৮, বরিশালে ৪, সিলেটে ২ এবং ময়মনসিংহে ১ জন মারা গেছেন।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩৫ জন পুরুষ এবং ১৯ জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন ২ জন। বাকিরা সবাই হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১৩ হাজার ৩৯৯ জনের মধ্যে পুরুষ ৯ হাজার ৬২৩ জন এবং নারী ৩ হাজার ৭৭৬ জন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৬ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১৫, ৪১ থেকে ৫০ বছরের ৭, ৩১ থেকে ৪০ বছরের ৫ জন এবং ২১ থেকে ৩০ বছরের ১ জন রয়েছেন।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১ হাজার ৯৫১ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪৮৫ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন এক লাখ ৫৪ হাজার ৯০৬ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ১ লাখ ২৫ হাজার ২৪৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯ হাজার ৬৫৯ জন।
খখ/মো মি


