খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ জুন) রাতে সীতাকুণ্ড থানার এসআই আশরাফ সিদ্দিকী বাদী হয়ে মামলাটি করেন।
বুধবার চট্টগ্রামের সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিএম ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় কর্তৃপক্ষের অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগ উল্লেখ করে পুলিশের পক্ষ থেকে আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়াও মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। তদন্তে যাদের নাম আসবে মামলায় তাদেরও আসামি করা হবে।
আসামিরা হলেন- বিএম কন্টেইনার ডিপোর ডিজিএম (অপারেশন) নুরুল আকতার, ম্যানেজার (অ্যাডমিন) খালেদুর রহমান, সহকারী অ্যাডমিন অফিসার আব্বাস উল্লাহ, সিনিয়র এক্সিকিউটিভ মো. নাসির উদ্দিন, সহকারী ব্যবস্থাপক (ইনল্যান্ড কনটেইনার ডিপো) আবদুল আজিজ, কন্টেইনার ফ্রেইট স্টেশনের ইনচার্জ সাইফুল ইসলাম, একই বিভাগের নজরুল ইসলাম ও জিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) নাজমুল আকতার খান।
সীতাকুণ্ড থানার এসআই আশরাফ সিদ্দিকী মঙ্গলবার রাতে দণ্ডবিধির ৩০৪ (ক) ধারায় এ মামলা করেন বলে অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম জানান।
চট্টগ্রাম বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪৪ জন মারা গেছেন। এর মধ্যে ২৭ জনকে শনাক্ত করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ১৭ জনকে এখনো শনাক্ত করা যায়নি।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম শহর থেকে ৩০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগার ঘণ্টাখানেকের মধ্যে ভয়ংকর বিস্ফোরণ ঘটে। আশপাশে থাকা দমকলকর্মী, শ্রমিকসহ অনেকেই এতে হতাহত হন।
খখ/মো মি


