খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ;শ্বশুরবাড়িতে জায়গা না পাওয়ায় গায়ে কেরোসিন ঢেলে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। এঘটনায় জোরারগঞ্জ থানা পুলিশ শ্বশুর-শাশুড়িসহ ৫ জনকে গ্রেফতার করেছে।
এঘটনাটি ঘটেছে সোমবার (১৮ জুলাই) বিকেলে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ধূম ইউনিয়নের দক্ষিণ ধুম গ্রামে।
মৃত রুপনা দাশ (৩৩) তার স্বামী রুপম কুমার দে’র সঙ্গে মিরসরাই বারইয়ারহাট বাজারে ভাড়া বাসায় থাকতেন। রুপনা ও রুপম দম্পতির দুই বছরের প্রমা দে নামে একটি কন্যা সন্তান রয়েছে।
জানা গেছে, বিয়ের পর শ্বশুরবাড়িতে জায়গা না পাওয়ায় রুপনা দাশ (৩৩) নামে এক গৃহবধূ গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। মঙ্গলবার (১৯ জুলাই) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
এ ঘটনায় রুপনার বোন বাদী হয়ে জোরারগঞ্জ থানায় রুপনা দাশের স্বামী রুপম, তার মা-বাবা ও ভাই-বৌদিসহ মোট পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন।
এদিকে মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে মামলায় রুপনার স্বামী রুপম কুমার দে, শ্বশুর রাখাল কুমার দে, শাশুড়ি বেলা রানি দে, ভাসুর কাঞ্চন কুমার দে ও জা উর্মিকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছেন জোরারগঞ্জ থানা পুলিশ।
নিহতের নাম রুপনা দাস। তিনি উপজেলার মিঠানালা ইউনিয়নের মলিয়াইশ গ্রামের নিরঞ্জন দাসের মেয়ে।
রুপনা দাশের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুপনার সঙ্গে রুপমের তিন বছর আগে বিয়ে হয়। রুপনা তিন বছর আগে প্রথম স্বামীকে ছেড়ে দিয়ে রুপমকে বিয়ে করেছিলেন। রুপমের পরিবার এই বিয়ে মেনে না নেওয়ায় তারা ভাড়া বাসায় থাকতেন। কিছুদিন ধরে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। স্বামীর অবহেলা নিয়ে স্ত্রীর মধ্যে অভিমান ছিল। এর মধ্যে ঝগড়া করে কয়েকদিন আগে রুপম বাসা থেকে বেরিয়ে নিজের বাড়িতে চলে যায়। স্বামীকে ফিরিয়ে আনার বিভিন্ন চেষ্টা করে ব্যর্থ হয়ে গত শনিবার তার বাড়িতে যান রুপনা। ওইদিন তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অভিযোগ দিয়ে বাসায় ফিরে আসেন।’
এরপরও রুপম ফেরত না যাওয়ায় সোমবার সন্ধ্যায় রুপনা তার মেয়েকে নিয়ে আবারও স্বামীর বাড়িতে যায়। রুপমের উপস্থিতিতে তার বড় ভাইয়ের স্ত্রী রুপনাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে রুপনা ব্যাগ থেকে কোরোসিন তেল বের করে গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেন। পরিবারের সদস্যরা আগুন নিভিয়ে তাকে হাসপাতালে নিয়ে যান।
এব্যাপারে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূর হোসেন মামুন গণমাধ্যমকে জানান, স্বামীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সামনে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে রুপনা দাশ নামে এক গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করে। সেখান থেকে দগ্ধ অবস্থায় রাতে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয়। মঙ্গলবার (১৯ জুলাই) চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
তিনি বলেন, এ ঘটনায় রুপনার বোন বাদী হয়ে জোরারগঞ্জ থানায় রুপম, মা-বাবা ও ভাই-বৌদিসহ মোট পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় পাঁচজনকে গ্রেফতার করে মঙ্গলবার বিকেলে আদালতে হাজিরে করা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।
খখ/মো মি


